২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজের মাঝপথে সোয়ানের অবসর

অ্যাশেজের মাঝপথেই অবসর নিয়েছেন গ্রায়েম সোয়ান। প্রথম তিন টেস্ট অস্ট্রেলিয়ার কাছে হেরে অ্যাশেজ হারানোর পর ইংল্যান্ডের অফস্পিনারের অবসরের এই ঘোষণা এল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 10:06 AM

Updated : 25 Apr 2022, 07:42 PM

সিরিজের প্রথম তিন টেস্টে ৩৪ বছর বয়সী স্পিনারের শিকার মাত্র ৭টি। দলে জায়গা নিয়ে প্রশ্নের মুখে পড়া সোয়ান অস্ট্রেলিয়া সফরের পরের ম্যাচগুলোতে আর খেলবেন না।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।

ইংল্যান্ডের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ টেস্ট উইকেট সংগ্রাহক সোয়ান ৬০ টেস্টে নিয়েছেন ২৫৫ উইকেট।

রোববার মেলবোর্নে সোয়ান বলেন, “সাত বছর ধরে ইংল্যান্ড দল ছিল আমার পরিবারের মতো, তাই সিদ্ধান্ত নেয়া ছিল ভীষণ কঠিন। তবে আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক।”

ক্যারিয়ারের কোনো একটি দিন নিয়েও মনে কোনো খেদ নেই জানিয়ে তিনি বলেন, “প্রতিটি সাফল্য উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে উদযাপন করেছি। প্রতিটি ব্যর্থতা শেখার এবং উন্নতি করার মানসিকতা নিয়ে গ্রহণ করেছি।”

সোয়ান জানান, তার শরীর আর পাঁচ দিনের ক্রিকেটের ভার বইতে পারছে না। ইনিংসে ৩০-৪০ ওভার বল করার অবস্থাতেও তিনি আর নেই।

১৯৯৯-২০০০ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে জায়গা পাওয়া সোয়ানের অভিষেক হয়েছিল ২০০৮ সালে। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

কনুইয়ে চোট থাকলেও ইংল্যান্ডের টানা তিনটি অ্যাশেজ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সোয়ানের।

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারকে 'সম্ভ্রমহানি' এর সঙ্গে তুলনা করে ফেইসবুকে মন্তব্য করার পর ক’দিন আগে ক্ষমা চেয়েছিলেন সোয়ান।

মেলবোর্নে ২৬ ডিসেম্বর 'বক্সিং ডে'তে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে সোয়ানকে পাচ্ছে না ইংল্যান্ড। চাপজনিত কারণে জোনাথন ট্রটের বিদায়ে অস্বস্তিতে পড়া ইংল্যান্ডকে আরো বেকায়দায় ফেলবে সোয়ানের এই সিদ্ধান্ত।

পুরনো খবর:

বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন সোয়ান