বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন সোয়ান
ফেইসবুকে 'বেফাঁস' মন্তব্য করে অবশেষে ক্ষমা চাইলেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। অ্যাশেজের পার্থ টেস্টে ইংল্যান্ডের হারটাকে ‘সম্ভ্রমহানির’ সঙ্গে তুলনা করেছিলেন তিনি।
পার্থে অস্ট্রেলিয়ার কাছে ১৫০ রানে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে অ্যাশেজে হেরে যায় ইংল্যান্ড। ভাইয়ের সঙ্গে ফেইসবুকে ঐ কষ্টটাই হয়তো ভাগাভাগি করছিলেন ৩৪ বছর বয়সী সোয়ান। কিন্তু তার মধ্যেই ‘বেফাঁস’ এই মন্তব্য করে ফেলেন তিনি।
অবশ্য সোয়ানের এই মন্তব্যে এতোটা ‘বিতর্ক' হতো না যদি তার ভাইয়ের ফেইসবুক অ্যাকাউন্টটা ‘প্রাইভেট’ হতো। কিন্তু তা না হওয়ায় অনেকেই মন্তব্যটি দেখতে পেয়েছে।
টুইটারে সোয়ান লিখেছেন, “আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে, আমি ক্ষমা চাইছি।”
ফেইসবুকে মন্তব্যের পর দাতব্য সংস্থ্যা রেপ ক্রাইসিসের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সোয়ান।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইভান ট্রেইনার বলেন, "গ্রায়েম সোয়ান মারাত্মক অপরাধ ধর্ষণের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচকে সমান হিসেবে বিবেচনা করেছেন দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছি।"
