ইংল্যান্ড দলে ডাক পেলেন ২ স্পিনার
গ্রায়েম সোয়ানের হঠাৎ অবসরে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন দুই স্পিনার জেমস ট্রেডওয়েল ও স্কট ব্রদউইক।
সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অ্যাশেজের বাকি দুই টেস্টের দল ঘোষণা করে।
প্রথম তিন টেস্ট হেরে ইতোমধ্যে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। এরপর রোববার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ স্পিনার সোয়ান। তার শূন্যস্থান পূরণে এই দুই স্পিনারকে দলে নিয়েছে ইংল্যান্ড।
শুধু ‘সোয়ান ধাক্কা’ নয় এবারের অ্যাশেজের ব্রিসবেন টেস্টে হারের পর চাপজনিত অসুস্থতার কারণে দেশে ফিরে যান ব্যাটসম্যান জোনাথন ট্রটও।
কেন্টের অফ-ব্রেক বোলার ট্রেডওয়েল ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে ৬ উইকেট নিয়ে প্রতিভার প্রমাণ দিলেও সোয়ান থাকায় পরে আর সুযোগ পাননি। ঐ ম্যাচে ৩৭ রানও করেছিলেন এই অলরাউন্ডার। এছাড়া ২৪টি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টিও খেলেছিলেন তিনি।
অন্যদিকে ডারহামের লেগস্পিনার ব্রদউইক দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি তার। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ বছর বয়সী এই খেলোয়াড় শেষ খেলেছেন ২০১১ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে ওয়ানডেতে।
ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), জো রুট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, মন্টি পানেসার, গ্যারি ব্যালাঞ্চ, মাইকেল কারবেরি, বয়েড রানকিন, স্টিভেন ফিন, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, স্কট ব্রদউইক ও ক্রিস ট্রেমলেট।
