অপরাজিত ম্যান ইউয়ের সঙ্গী লেভারকুজেন
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা যাচ্ছেতাই হলেও ইউরোপ সেরার মঞ্চে কিন্তু দারুণ ছন্দে আছে তারা। মঙ্গলবার ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইংল্যান্ডের সফলতম দলটি।
মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদাদকে একই ব্যবধানে হারিয়ে সেরা ষোলোতে ম্যান ইউয়ের সঙ্গী হয়েছে জার্মানির বেয়ার লেভারকুজেন।
গ্রুপ পর্বের খেলা শেষে ম্যান ইউ ও লেভারকুজেনের পয়েন্ট ১৪ ও ১০। ৮ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে নেমে গেছে শাখতার। আর মাত্র এক পয়েন্ট পাওয়া সোসিয়েদাদের ইউরোপ যাত্রা এখানেই শেষ।
গোলের পর ডিফেন্ডার ফিল জোনসের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স
ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারার পর এই জয়ে কিছুটা স্বস্তি পেতেই পারেন ম্যান ইউ কোচ ডেভিড ময়েস।
অপর ম্যাচে লেভারকুজেনকে নকআউট পর্বের টিকেট পাইয়ে দেয়ার কৃতিত্ব ডিফেন্ডার ওমের তোপরাকের।
স্বাগতিক সোসিয়েদাদের রক্ষণভাগের তিন খেলোয়াড়ের ভুলে বল দখলে নিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তোপরাক। ৪৯ মিনিটের ঐ গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
নিজেদের কাজ করে লেভারকুজেনের প্রয়োজন ছিল দোনেৎস্কের পয়েন্ট হারানোর। সেটি হওয়ায় নিশ্চিন্ত হয়ে মাঠ ছেড়েছে জার্মান লিগে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা দলটি।
