২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা, আতলেতিকোর হোঁচটে অক্ষুণ্ন রিয়ালের রেকর্ড

দুই দলেরই সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরু থেকে টানা নয়টি ম্যাচ জেতার অনন্য রেকর্ড ছোঁয়ার। কিন্তু শনিবার রাতে পয়েন্ট খুইয়ে সে সুযোগ হারিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:57 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

রিয়ালের স্বস্তির জয়

টানা আট ম্যাচ জেতার পর চ্যাম্পিয়ন বার্সেলোনা গোলশূন্য ড্র করেছে পুচকে ওসাসুনার সঙ্গে। আর আতলেতিকো মাদ্রিদ তো হেরেই বসেছে স্পানিওলের কাছে। ফলে ১৯৬৮-৬৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরু থেকে টানা ৯টি ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারলো না কেউই।

চোট কাটিয়ে তিন সপ্তাহ পর লিওনেল মেসি দলে ফিরলেও বার্সেলোনাকে জেতাতে পারেননি।

শুধু মেসি নয়, ৭ মাসেরও বেশি সময় পর কার্লোস পুয়োলও মাঠে নামেন শনিবার। কিন্তু এই দুজনের প্রত্যাবর্তনের আনন্দ ম্লান হয়ে যায় ম্যাচটি ড্র হওয়ায়।

গত ২৮ সেপ্টেম্বর আলমেরিয়ার মাঠে খেলার সময় উরুর পেশিতে টান পড়ায় মাঠের বাইরে চলে গিয়েছিলেন মেসি। সুস্থ হয়ে উঠলেও শনিবার প্রথম একাদশে মেসিকে রাখেননি বার্সার কোচ জেরার্দো মার্তিনো। ৬৮ মিনিটে চাভির বদলে মাঠে নামেন ফুটবলের মহাতারকা; কিন্তু তেমন কিছু করতে পারেননি।

Image
ওসাসুনার ডিফেন্ডারদের বাধা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন নেইমার।

ওসাসুনার ডিফেন্ডারদের বাধা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন নেইমার।

দুটো সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন সেস ফ্যাব্রেগাস। নেইমার অবশ্য চেষ্টা করেছিলেন কয়েক বার। কিন্তু ব্রাজিলের এই ফরোয়ার্ডও ব্যর্থ হওয়ায় ওসাসুনা থেকে ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।

হাটুর অস্ত্রোপচার থেকে সেরে উঠে আবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন পুয়োল। গত ১২ মার্চ থেকে মাঠের বাইরে ছিলেন তিনি, এর মধ্যে তাকে ছাড়াই বার্সা খেলে ফেলেছে ২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচ।

৬৫টি ম্যাচের মধ্যে এই প্রথম লিগের ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। শেষবার ২০১২ সালের জানুয়ারিতে ভিয়ারিয়ালের সঙ্গে কোনো গোল করতে পারেনি লিওনেল মেসির দল, ওই ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছিল।

জিততে পারলে লিগে সেরা সূচনার রেকর্ড স্পর্শ করতে পারতো বার্সা। এখন ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে জেরার্দো মার্তিনোর দলকে।

Image
লা লিগায় এ মৌসুমে প্রথম পয়েন্ট খোয়ালো জেরার্দো মার্তিনোর শিষ্যরা।

লা লিগায় এ মৌসুমে প্রথম পয়েন্ট খোয়ালো জেরার্দো মার্তিনোর শিষ্যরা।

ম্যাচ শেষে কোচ মার্তিনো বলেন, "সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের যেতা উচিত ছিল। তবুও আমি দলের পারফরমেন্সে সন্তুষ্ট।"

নিজেদের মাঠে আতলেতিকোর বিপক্ষে জয়টা স্পানিওল পেয়েছে আত্মঘাতী গোলের সৌজন্যে। দ্বিতীর্য়ার্ধের শুরুর দিকে আতলেতিকোর গোলমুখে করা একটি ক্রস গোলরক্ষক থিবো করতোয়ার পায়ে লেগে জালে ঢুকে যায়।

শনিবার আগের ম্যাচে মালাগার বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাবেউতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। ম্যাচের শেষ মুহূর্তে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে নয় ম্যাচ থেকে ২২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থানে থাকা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

লিগের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে।

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষ ৫ দল:

দল

ম্যাচ

জয়

ড্র

পরাজয়

গোল পার্থক্য

পয়েন্ট

বার্সেলোনা

৯

৮

১

০

২২

২৫

আতলেতিকো মাদ্রিদ

৯

৮

০

১

১৪

২৪

রিয়াল মাদ্রিদ

৯

৭

১

১

১০

২২

ভিয়ারিয়াল

৮

৫

২

১

৮

১৭

স্পানিওল

৯

৪

২

৩

১

১৪