হন্ডুরাসের উল্লাস আর মেক্সিকোর অপেক্ষা
কনকাকাফ অঞ্চলের তৃতীয় দল হিসেবে হন্ডুরাস সরাসরি ২০১৪ বিশ্বকাপ নিশ্চিত করলেও প্লে-অফের লড়াইয়ে নামতে হচ্ছে মেক্সিকোকে।
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্য্যারিবিয়ান অঞ্চল থেকে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও কোস্টা রিকা।
এই অঞ্চলের প্রথম তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর চতুর্থ দলকে খেলতে হবে দুই লেগের প্লে-অফে। যেখানে মেক্সিকানদের প্রতিপক্ষ ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। ম্যাচ দুটি হবে ১৩ ও ২০ নভেম্বর।
জ্যামাইকার রাজধানী কিংস্টনে দু-দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি হন্ডুরাস, ২-২ গোলে ড্র করেছে। তবে তাতেই তৃতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে তাদের।
কোস্টা রিকার কাছে ২-১ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে যায় মেক্সিকো। তবে পানামার বিপক্ষে যুক্তরাষ্ট্রের নাটকীয় জয় আশা বাঁচিয়ে রেখেছে তাদের। ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় ইনজুরি সময়ে দুই গোল খেয়ে সম্ভাবনা শেষ হয়ে গেছে পানামার।
সরাসরি ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে শুধু এক পয়েন্টের দরকার ছিল হন্ডুরাসের। কার্লো কস্টলির প্রথম মিনিটের গোলে শুরুটা দারুণ হয়েছিল তাদের। তবে দুই মিনিট পরেই হোর্হে ক্লারোসের আত্মঘাতী গোল সমতা নিয়ে আসে খেলায়।
৩৩ মিনিটে মেইনর ফিগুয়েরোয়ার লক্ষ্যভেদ আবার এগিয়ে দেয় হন্ডুরাসকে। ৫৮ মিনিটে রোডলফ অস্টিনের সফল পেনাল্টি জ্যামাইকাকে দ্বিতীয় বার সমতায় ফেরালেও হন্ডুরাসের তৃতীয় বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
