ম্যান ইউকে বাঁচালেন আদনান
দ্বিতীয়ার্ধে দুই গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডকে টানা তৃতীয় হারের লজ্জায় পড়তে দেননি আদনান ইয়ানুজাই। সান্ডারল্যান্ডের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-১ গোলে।
৫৫ মিনিটে বেলজিয়ামের ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের ডান পায়ের নিখুঁত শট সমতায় ফেরায় ম্যান ইউকে। ছয় মিনিট পর আবার আদনান-জাদু, এবার বাঁ পায়ের চোখ-ধাঁধানো ভলি জড়িয়ে যায় জালে। এবারের লিগে প্রথমবারের মতো প্রথম একাদশে থাকা ভালোভাবেই উদযাপন করলেন কসোভো-আলবেনিয়ান বংশোদ্ভূত এই তরুণ।।
এর আগে ৪২ মিনিটে প্রতিপক্ষের অধিনায়ক নেমানিয়া ভিদিচের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সান্ডারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ক্রেইগ গার্ডনার। কিন্তু সুযোগ-সন্ধানী আদনান ইয়ানুজাইয়ের কাছে হার মানতে হয়েছে তার দলকে।
এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে ম্যান ইউ।
আগের ম্যাচে নবাগত ক্রিস্টাল প্যালেসকে সহজেই ৩-১ গোলে হারিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৫ পয়েন্ট পাওয়া আর্সেনাল মাঠে নামবে রোববার।
শনিবার প্রথম ম্যাচে এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে গতবারের রানার্স-আপ ম্যানচেস্টার সিটি।
ইপিএলের অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে কার্ডিফ সিটিকে ও ফুলহ্যাম ১-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে এবং আরেক নবাগত হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা।
