বায়ার্নের বিশাল জয়, বরুসিয়ার হোঁচট
জার্মান বুন্দেসলিগায় একই দিনে দুই শিরোপাপ্রত্যাশীর দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে শালকেকে উড়িয়ে দিলেও রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড ১-১ গোলে ড্র করেছে নুরেমবার্গের সঙ্গে।
শনিবার শালকের মাঠে ২১ ও ২২ মিনিটে বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও মারিও মানজুকিচের গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি বায়ার্নকে।
৭৫ ও ৮৫ মিনিটে ফ্র্যাঙ্ক রিবেরি ও ক্লদিও পিজারোর গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয় গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে তিনটি শিরোপাজয়ী বায়ার্নের।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল বরুসিয়া। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ড্র করেছে তারা। টানা পাঁচ ম্যাচ জয়ের পর বুন্দেসলিগায় প্রথম পয়েন্ট নষ্ট করলো বরুসিয়া।
নুরেমবার্গের গ্রানডিজ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে থেকেও জিততে পারেনি বরুসিয়া। ৩৭ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে বুন্দেসলিগার আট বারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ডিফেন্ডার মার্সেল মেলজার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্বাগতিক নুরেমবার্গকে সমতায় ফেরান সুইডেনের ডিফেন্ডার পার নিলসন। বাকি সময়ে আর কোনো গোল না করতে পারায় এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বরুসিয়াকে
ছয়টি করে ম্যাচ খেলে বায়ার্ন-বরুসিয়া দুই দলেরই সংগ্রহ ১৬ পয়েন্ট করে। দুই দলের গোল গড়ও সমান! ১৫ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে বেয়ার লেভারকুসেন।
বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে লেভারকুসেন ৪-১ গোলে মেইঞ্জকে, ভার্ডার ব্রেমেন ২-০ গোলে হামবুর্গকে, ভলফসবুর্গ ২-১ গোলে হফেনহাইমকে এবং হ্যানোভার একই ব্যবধানে আউগ্সবুর্গকে হারিয়েছে।
