রেকর্ড গড়ে রিয়ালের পথে বেল
বেশ কিছু দিন ধরে গ্যারেথ বেলকে নিয়ে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে রিয়াল মাদ্রিদের টানাপোড়েন চলছিল। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অবশেষে রিয়াল-টটেনহ্যামের মধ্যে মতৈক্য হয়েছে। রেকর্ড ৯ কোটি ৯০ লাখ ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে ওয়েলসের এই ফরোয়ার্ডের রিয়ালে যোগ দেয়া মোটামুটি নিশ্চিত।
সব কিছু ঠিক-ঠাক থাকলে শুক্রবার হতে পারে এই চমকজাগানো দলবদল।
টাকার অঙ্কটা সত্যি চমকে দেয়ার মতো। অবশ্য পছন্দের ফুটবলারকে দলে টানতে অতীতে অনেক বারই টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামায়নি রেকর্ড ৯ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। বেল তারই সর্বশেষ উদাহরণ হতে যাচ্ছেন।
স্পেনের ক্রীড়াদৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে দেশটির ‘কাদেনা সিওপিই’ রেডিও জানিয়েছে, ৯ কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে বেলকে ছাড়তে রাজি হয়েছে ইংল্যান্ডের দলটি।
