নাম পাল্টানো হলো না শারাপোভার
ইউএস ওপেনে চলাকালে নাম পাল্টে নিজের ব্র্যান্ডের প্রসার ঘটাতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ধনী নারী অ্যাথলেট মারিয়া শারাপোভা। কিন্তু এর জন্য যথেষ্ট ঝক্কি-ঝামেলা পোহানোর কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টেছেন রুশ টেনিস তারকা।
ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা জানায়, নিজের ক্যান্ডি ব্র্যান্ডের প্রসারের জন্য ইউএস ওপেন চলাকালে দুই সপ্তাহের জন্য 'সুগারপোভা' হিসেবে পরিচিত চেয়েছিলেন শারাপোভা। টুর্নামেন্টের পর সুগারপোভা থেকে আবার শারাপোভায় ফেরত আসতে চান ২৬ বছর বয়স্ক এই টেনিস তারকা।
কিন্তু শারাপোভার এজেন্ট ম্যাক্স আইজেনবাড মঙ্গলবার ইএসপিএনকে বলেন, "সুগারপোভা ব্র্যান্ডটিকে পরিচিত করার জন্য মারিয়া প্রথাবিরোধী বিভিন্ন পরিকল্পনা করেছেন। শেষে অনেক বিবেচনার পর নাম পরিবর্তনের বিষয়টি আমরা বাদ দিয়েছি।"
আইজেনবাড জানান, ইউএস ওপেনের পরপারই শারাপোভাকে জাপান ও চীন যেতে হবে। এত ঝক্কি পোহানোর সময় পাবেন না তিনি।
গত বছর প্রায় ৫ লাখ ডলার বিনিয়োগ করে সুগারপোভা কোম্পানি গঠন করেন শারাপোভা। প্রায় ১৫টি ক্যান্ডি ও মিস্টান্ন জাতীয় পণ্য তৈরি হয় এখানে। প্রতিটি প্যাকেটের দাম ৫ ডলার। প্রথম বছরে ১৮ লাখ সুগারপোভার প্যাকেট বিক্রি হয়েছে। রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, এবং ইউরোপে ব্র্যান্ডটির প্রসারে জোর দিচ্ছেন শারাপোভা।
গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতার পর বিজ্ঞাপন ও স্পন্সর থেকে তার আয় কয়েকগুন বেড়ে যায়।
