বায়ার্নের হয়ে গার্দিওলার প্রথম শিরোপা
বায়ার্ন মিউনিখ অধ্যায়ের শুরুতেই শিরোপার স্বাদ পেয়েছেন কোচ পেপ গার্দিওলা। টেলিকম কাপের ফাইনালে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তার দল।
মৌসুম শুরু আগে প্রীতি ম্যাচের এই টুর্নামেন্ট আয়োজন করে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখ।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে গোল পেয়েছেন দলের প্রায় সব বড় তারকারাই। এমনকি নতুন দলের হয়ে গোলের সূচনা করেছেন বার্সেলোনা থেকে আসা ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাও।
ফ্র্যাঙ্ক রিবেরি, ফিলিপ লাম, আলকান্তারার লক্ষ্যভেদে প্রথম ২৬ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় গত মৌসুমে প্রথম জার্মান দল হিসেবে ‘ট্রেবল’ জেতা বায়ার্ন। চার মিনিট বাদে স্বাগতিক দল এক গোলের ব্যবধান কমালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৪২ মিনিটে আবারো ব্যবধান বাড়ান আরিয়েন রোবেন। ৬০ মিনিটে স্ট্রাইকার টমাস মুলারও লক্ষ্যভেদ করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
