২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইভিংয়ে মিনজিয়ার ষষ্ঠ শিরোপা

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ৩ মিটার স্প্রিংবোর্ড সিনক্রোনাইজড ডাইভিংয়ে সঙ্গী শি তিংমাওকে নিয়ে সোনা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের উ মিনজিয়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এ ইভেন্টে এটি তার ষষ্ঠ শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 02:59 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

জলক্রীড়ার আসর

গত তিনটি অলিম্পিকেই ৩ মিটার স্প্রিংবোর্ড সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতেছিলেন মিনজিয়া। লণ্ডন ২০১২ অলিম্পিকে জিতেছেন ৩ মিটার একক স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সোনাও।

শনিবার স্পেনের বার্সেলোনায় ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৩৩৮.৪০ পয়েন্ট নিয়ে ডাইভিংয়ে চীনকে প্রথম সোনার পদকটি এনে দেন মিনজিয়া ও তিংমাও জুটি। তাদের চেয়ে ৩০ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালির তানিয়া কাগনোত্তো আর ফ্রান্সেসকা দাল্লাপে জুটি। ব্রোঞ্জ পেয়েছে কানাডার জেনিফার আবেল ও পামেলা ওয়ের।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাইভিংয়ে এ নিয়ে মোট ১৩টি পদক পেলেন মিনজিয়া।

সিনক্রোনাইজড সুইমিংয়ের একক ইভেন্টে রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন সভেতলানা রোমাশিনা। ৯৬.৮৬ পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেন চীনের হুয়াং জুচেনকে (৯৫.৫০)। স্বাগতিক স্পেনের ওনা কারবোনেল পেয়েছেন ব্রোঞ্জ।

 ৫ কিলোমিটার সাঁতার ইভেন্টে সোনা জিতেছেন অলিম্পিকে চ্যাম্পিয়ন তিউনিসিয়ার ওসামা মেলৌলি। শেষ ১০০ মিটারে দ্রুতগতিতে সাঁতরে সবাইকে ছাড়িয়ে যান তিনি।

মেলৌলি হচ্ছেন একমাত্র অ্যাথলেট যিনি অলিম্পিকে সুইমিংপুল ও উন্মুক্ত জলাধার দুটোতেই পদক জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১০ কিলোমিটার ম্যারাথন সাতারে সোনা জেতা ছাড়াও সুইমিংপুলে এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন তিনি।

শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি প্রতিযোগিতার ১৫তম আসর।

১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।