২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ ফিক্সিং: আইন পর্যালোচনার সুপারিশ

বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে ক্রিকেট অঙ্গনে তোলপাড়ের মধ্যেই ক্রীড়াঙ্গনের দুর্নীতি দূর করতে প্রতিবেশী দেশগুলোর আইন ও বিধি-বিধান দেখে বাংলাদেশের বিদ্যমান আইন পর্যালোচনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সামশুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি দেশে ম্যাচ পাতানোর ঘটনা নিয়ে কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ প্রবণতা বন্ধে পাশের দেশ ভারত, পকিস্তান ও শ্রীলঙ্কার আইন পর্যালোচনা করে দেশের আইন সংস্কারের সুপরিশ করা হয়েছে।”

ম্যাচ ফিক্সিংয়ের সাম্প্রতিক ঘটনা বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কি না- তাও তদন্তের সুপারিশ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারদলীয় এ সাংসদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দেয়ায় ইতোমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) বিষয়টি তদন্ত করছে এবং শিগগিরই তাদের প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।

আকসুকে আশরাফুল যে তথ্য দিয়েছেন, তাতে সাবেক কয়েকজন ক্রিকেটারের নাম এসেছে বলেও গণমাধ্যমে খবর এসেছে।

স্থায়ী কমিটির সদস্য সামশুল হক বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ছাড়াও অন্য কেউ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে কমিটি।

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজে গতি আনার জন্য যুব ও ক্রীড়া সচিব এবং ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে উদ্যোগী হওয়ারও সুপারিশ করা হয় বৈঠকে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রীড়া সামগ্রী কেনার ক্ষেত্রে ক্রীড়া পরিদপ্তর বিধি-বিধান অনুসরণ করে দরপত্র আহবান,  সাংসদদের চাহিদার ভিত্তিতে সেগুলো সরবরাহ করা এবং ক্রীড়া সামগ্রীর মান নিশ্চিত করতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়েছে বৈঠকে।

গোলাম ফারুক খন্দকার প্রিন্সকে আহ্বায়ক করে গঠিত এই সাব কমিটিতে সদস্য হিসাবে আছেন সামশুল হক চৌধুরী, মাহাবুব আরা বেগম গিনি, মো. শফিকুল আজম খাঁন ও মোঃ কবিরুল হক।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহ্সান রাসেলের সভাপতিত্বে কমিটির সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, সামশুল হক চৌধুরী, মাহাবুব আরা বেগম গিনি, মো. শফিকুল আজম খাঁন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও মো. কবিরুল হক এ বৈঠকে অংশ নেন।

যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।