শনিবার অলিম্পিক ডে রান
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর ২৩ জুন সারা বিশ্বে অলিম্পিক ডে উদযাপিত হয়। তবে এবার বাংলাদেশে তার আগের দিন অথাৎ শনিবার অলিম্পিক ডে রানের মাধ্যমে তা পালন করা হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রত্যেক বছরের মতো এবারো ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা শহরে এক সঙ্গে অলিম্পিক ডে রানের আয়োজন করতে যাচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৬টায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হবে এই দৌড়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সেদিন সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিবন্ধী এবং শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা হবে। বিকেল চারটায় বিওএ’র মিডিয়া সেন্টারে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরদিন বিকেলে বিওএ অডিটরিয়ামে একটি সেমিনারও হবে।
বৃহস্পতিবার বিওএ’র অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অলিম্পিক ডে রান সফলভাবে আয়োজনের জন্য আইওসি, এক্সিম ব্যাংক লিমিটেড, বিএসআরএম, আরএসআরএম, আবুল খায়ের গ্রুপ, আব্দুল মোমেন লিমিটেড, কোকাকোলা ফার ইস্ট লিমিটেড এবং একমি গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অলিম্পিক ডে রান কমিটির চেয়ারম্যান ও বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ। এ সময় বিওএ’র আরেক সহ-সভাপতি মিজানুর রহমান মানু, ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু প্রমুখ উপস্থিত ছিলেন।
