২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসলোতে বোল্টের স্বস্তির জয়

গত সপ্তাহে রোমে অপ্রত্যাশিতভাবে জয়ের দেখা পাননি। তবে অসলোতে আইএএএফ ডায়মন্ড লিগের বিসলেট গেমসের ২০০ মিটারে জিতে সেই হতাশা অনেকটাই ভুলতে পেরেছেন উসাইন বোল্ট।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jun 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

বৃহস্পতিবার রাতে নরওয়ের রাজধানীতে বিশ্বের দ্রুততম মানবের টাইমিং ছিল ১৯.৭৯ সেকেন্ড। এ মৌসুমে এই ইভেন্টে এটাই সেরা টাইমিং। ২০.৩৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নরওয়ের জয়সুমা সাইদি এনদুরি।

গত সপ্তাহে রোমের ডায়মন্ড লিগের ১০০ মিটারে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হওয়া বোল্ট অসলোতে সাফল্য পেয়ে খুশি।

তিনি বলেন, “কোচের পরামর্শ মতো দৌড়ানোর সময় শরীরটাকে ঝুঁকিয়ে রাখা নিয়ে আমাকে আরেকটু কাজ করতে হবে। কিন্তু সব মিলিয়ে আমি ভালোই করেছি। আরেকটু ভালো ও উষ্ণ আবহাওয়া হলে সহজেই ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করতে পারতাম।”

বৃহস্পতিবার অসলোর তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

২০ জুন স্বদেশ জ্যামাইকার একটি ট্রায়ালে অংশ নেবেন বোল্ট। আগামী অগাস্টে মস্কোতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য তাকে সেরা তিনের মধ্যে থাকতে হবে।