নারায়ণগঞ্জ ফুটবল লিগ আয়োজনে ইপিলিয়নের সহযোগিতা
নারায়ণগঞ্জ ফুটবল লিগ আয়োজনের জন্য ৭৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক রিয়াজউদ্দিন আল মামুনের প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপ।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। তিন বছরের চুক্তিতে প্রতি বছর ২৫ লাখ টাকা করে দেবে ইপিলিয়ন গ্রুপ। লিগের কো-স্পন্সর ‘আমরা নেটওয়ার্কস’ ও বেভারেজ পার্টনার ‘ক্লেমন’।
রিয়াজউদ্দিন আল মামুন বলেন, “নারায়ণগঞ্জে আমার ছোটবেলা কেটেছে। তাই নারায়ণগঞ্জকে ঘিরে আমার একটা আলাদা অনুভূতি কাজ করে সব সময়। সেজন্যই ফুটবল লিগের পৃষ্ঠপোষক হিসাবে এগিয়ে এসেছি। বাফুফে সভাপতির ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের স্বপ্ন পূরণ করতে সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।”
নারায়নগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাবেক ফুটবল তারকা আশরাফউদ্দিন চুন্নু বলেন, “তিন বছরের চুক্তি হলেও আশা করি এর পরেও তারা (ইপিলিয়ন গ্রুপ) আমাদের সঙ্গে থাকবে। এর মাধ্যমে নারায়নগঞ্জের ফুটবল আরো এগিয়ে যাবে, ঢাকার ফুটবলেও অবদান রাখতে পারবে।”
