২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিয়ার চমকজাগানো সাফল্য

বাংলাদেশ গেমস শূটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাদিয়া সুলতানা। মঙ্গলবার গুলশান শূটিং কমপ্লেক্সে সোনা জয়ের পথে ২০৭.১ পয়েন্ট স্কোর করেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জয়ী ও লন্ডন অলিম্পিকে অংশ নেয়া আনসারের শারমিন আক্তার রত্নার প্রাপ্তি (২০১.৮) রুপা। ব্রোঞ্জ আরেক অলিম্পিয়ান ও ইসলামাবাদ সাফ গেমসের সোনা জয়ী বিকেএসপির শারমিন আক্তারের (১৮০.০)। দু-দুজন অলিম্পিয়ানকে হারিয়ে সোনা জিতে সাদিয়া উচ্ছ্বসিত। বিশেষ করে রত্নাকে হারিয়ে তিনি ভীষণ খুশি। সাদিয়া বলেন, “রত্নাকে হারানোর কথা ভাবতেই পারিনি। ভেবেছিলাম এই ইভেন্টে রত্নাই সোনা জিতবে।” অন্যদিকে হতাশ রত্না বলেন, “আমার শুরুটা ভালো হয়নি। যার প্রভাব পড়েছে পরবর্তীতে। অবশ্য সাদিয়া যোগ্য হিসাবেই সোনা জিতেছে।” পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ঢাকা রাইফেল ক্লাবের আব্দুল্লাহ হেল বাকি সোনা, গুলশান শূটিং ক্লাবের শফিউদ্দিন খান রুপা ও আর্মি শূটিং অ্যাসোসিয়েশনের জুবায়ের আহমেদ ব্রোঞ্জ পেয়েছেন।