মন্টে কার্লোতে ‘নাদাল সাম্রাজ্যের’ পতন
মন্টে কার্লো মাস্টার্সে সর্বশেষ হারের কথা ভুলেই গিয়েছিলেন রাফায়েল নাদাল। রোববার ফাইনালে তাকে ভুলে যাওয়া সেই হারের স্বাদ ‘উপহার’ দিলেন নোভাক জোকোভিচ।
৬-২, ৭-৬ (৭/১) গেমে জিতে একটা প্রতিশোধও নিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। ২০০৯ সালে এবং গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে নাদালের কাছে হেরে গিয়েছিলেন তিনি। নাদালকে তিনটি ভিন্ন ক্লে কোর্টের টুর্নামেন্টের ফাইনালে হারানোর (অন্য দুটি ২০১১ সালের মাদ্রিদ ও রোম মাস্টার্স) একমাত্র কৃতিত্বও জোকোভিচের।
মোনাকোর টুর্নামেন্টটিতে নাদালের সাফল্য সত্যিই বিস্ময়কর। ২০০৫ থেকে ২০১২, টানা ৮ বছর মন্টে কার্লো মাস্টার্সে তিনি চ্যাম্পিয়ন। টেনিসে আজ পর্যন্ত আর কেউ এক টুর্নামেন্টে টানা ৮ বার শিরোপা জিততে পারেনি।
সেই ২০০৪ সালে হার মানার পর টানা ৪৬ ম্যাচ জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়া নাদালকেই ফাইনালে এগিয়ে রেখেছিলেন অনেকে। কিন্তু প্রথম সেটে পাত্তাই পাননি ক্লে কোর্টের ‘সম্রাট’। পরের সেট টাইব্রেকারে গড়ালেও শেষ রক্ষা হয়নি।
মোনাকোতে অবশেষে ব্যর্থতার তেতো স্বাদ পেলেও নাদাল কিন্তু মোটেই হতাশাচ্ছন্ন নন। খেলা শেষে রেকর্ড ৭ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বলেন, “এটা কোনো শোকাবহ ঘটনা নয়। আমি এখানে ৮ বছর পর হেরেছি। এটা স্বাভাবিক ঘটনা।”
প্রতিপক্ষের প্রশংসা করে নাদাল বলেন, “সে দুর্দান্ত খেলেছে। সম্ভবত আমার চেয়েও ভালো। যদিও আমি মনে করি আমি তেমন খারাপ খেলিনি।”
অন্যদিকে মন্টে কার্লোতে প্রথম সাফল্যের দেখা পেয়ে আনন্দে আত্মহারা জোকোভোচি। মোনাকোর যুবরাজ অ্যালবার্টের হাত থেকে ট্রফি নিয়ে কৌতুকের সুরে নাদালকে লক্ষ্য করে তিনি বলেন, “অন্তত এক বারের জন্যও এই টুর্নামেন্ট জিততে দেয়ায় তোমাকে ধন্যবাদ।”
