ঢাকায় ডি ক্রুইফ-কোস্টার
প্রায় এক সপ্তাহের সফরে সোমবার সস্ত্রীক ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কোস্টার। ১৪ এপ্রিল দুই ডাচ কোচের দেশে ফিরে যাওয়ার কথা।
সকালে আসার কথা থাকলেও বিমান-বিভ্রাটের কারণে বিকেল সোয়া ৫টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারায় ঢাকায় পৌঁছেই হতাশা প্রকাশ করেন ডি ক্রুইফ। তিনি বলেন, “বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠতে না পারায় আমি ভীষণ হতাশ। খবরটা শুনে আমি বেশ অবাক হয়েছি। আশা করেছিলাম আমরা চূড়ান্ত পর্বে খেলব।”
ডি ক্রুইফ আপাতত আগামী সেপ্টেম্বরের সাফ ফুটবলের দিকে তাকিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাফ ফুটবল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। তাহলে প্রস্তুতিটা ভালোই হবে।
