আবার লিগ-শীর্ষে শেখ রাসেল
প্রায় দেড় মাস পর আরম্ভ গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল জয় দিয়ে শুরু করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ফিরে পেয়েছে সদ্য স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা।
১৩ ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ২৯ পয়েন্ট। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। সপ্তম স্থানে থাকা ব্রাদার্সের পয়েন্ট ১০।
হেরে গেলেও প্রথমে গোল করে ব্রাদার্স। ২০ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার অ্যাডাম জানকাসার ক্রস থেকে স্ট্রাইকার ইউসুফ সিফাত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন (১-০)।
৩৫ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের কর্নারে হেড করে সমতা নিয়ে আসেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি (১-১)।
৪৬ মিনিটে মামুনুলের ফ্রি কিক থেকে বল পেয়ে শেখ রাসেলকে এগিয়ে দেন ফরোয়ার্ড জাহিদ হোসেন (২-১)।
এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি শেখ রাসেল। এর মধ্যে ৮৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও জাহিদ গোল করতে পারেননি। চোটের কারণে স্বাধীনতা কাপের সেরা খেলোয়াড় হাইতির স্ট্রাইকার সনি নর্দের অনুপস্থিতিও ভালোই ভুগিয়েছে শেখ রাসেলকে।
