ফিনল্যান্ডের সঙ্গে স্পেনের ড্র
বিশ্বকাপ বাছাইপর্বে স্পেন ও পর্তুগাল ড্র করলেও জয় পেয়েছে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস।
স্পেন হোঁচট খেলেও তাদের গ্রুপসঙ্গী ফ্রান্স সহজেই ৩-১ গোলে হারিয়েছে জর্জিয়াকে। প্যারিসের স্তাদে দি ফ্রান্সে ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তিন গোলদাতা অলিভিয়ার জিরুদ, ম্যাথিউ ভালবুয়েনা ও ফ্র্যাঙ্ক রিবেরি।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্স এখন ‘আই’ গ্রুপের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের পয়েন্ট ৮।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় বাস্টিয়ান শোয়েইনস্টাইগার, মারিও গোটজে ও টমাস মুলারের লক্ষ্যভেদে সহজেই ৩-০ গোলে জিতেছে জার্মানি। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে জার্মানির শীর্ষস্থান আরো মজবুত।
স্যান ম্যারিনো সফরে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে গত ২৬ বছরে এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়।
১২ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ডের হয়ে জার্মেইন ডেফো দুটো এবং একটি করে গোল করেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন, অ্যাশলে ইয়াং, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ওয়েইন রুনি ও ড্যানিয়েল স্টুরিজ।
৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। শীর্ষে থাকা মন্টেনেগ্রোর পয়েন্ট ১৩।
আমস্টার্ডামে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে নেদারল্যান্ডসের শীর্ষস্থান আরো সুসংহত। গোলশূন্য প্রথমার্ধের পর গত বিশ্বকাপের রানার্সআপদের গোল তিনটি রাফায়েল ফন ডার ফার্ট, রবিন ফন পার্সি ও রুবেন শাকেন।
ইসরাইল থেকে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরেছে পর্তুগাল।
তেল আবিবের জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে ব্রুনো আলভেসের গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল পর্তুগিজরা। কিন্তু ২৪, ৪০ ও ৭০ মিনিটে তিন গোল খেয়ে উল্টো হারের শঙ্কায় পড়ে যায় তারা। ৭২ মিনিটে হেল্ডার পোস্টিগা ও শেষ মুহূর্তে ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের লক্ষ্যভেদে হার এড়ায় অতিথিরা।
ড্র করায় আরো অস্বস্তিতে পড়ে গেল পর্তুগাল। ‘এফ’ গ্রুপে ৫টি করে ম্যাচ খেলে পর্তুগাল ও ইসরাইলের সমান ৮ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ইসরাইলের অবস্থান দ্বিতীয়।
৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাশিয়া আছে গ্রুপের শীর্ষে।
