আর্জেন্টিনার প্রতিশোধের লক্ষ্য
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে ভেনেজুয়েলার মাঠে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। শনিবার ফিরতি লেগে ভেনেজুয়েলাকে স্বাগত জানানোর সময় তাই প্রতিশোধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
২০১১ সালের অক্টোবরে ভেনেজুয়েলা ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল ফুটবল-বিশ্বকে। চমকানোরই কথা। দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসাবে যে আজো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ভেনেজুয়েলা।
তবে লাতিন আমেরিকার এক সময়ের সবচেয়ে দুর্বল দল আজ অনেকটা পথ পেরিয়ে এসেছে। এমনকি লিওনেল মেসির কণ্ঠেও শনিবারের প্রতিপক্ষ সম্পর্কে শ্রদ্ধা।
টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “ভেনেজুয়েলা শক্তিশালী দল। যখন পায়ে বল থাকে, তখন তারা জানে কী করতে হয়। তাদের কয়েক জন ফুটবলারের পক্ষে আমাদের বিপদে ফেলা সম্ভব। আর তাই আমাদের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে হবে, যতটা সম্ভব বলের দখল রাখতে হবে।”
প্রায় দেড় বছর আগের ঐ চমকজাগানো হারের পরও দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট।
১৭ ও ১৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে ইকুয়েডর ও কলম্বিয়া। কলম্বিয়া অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের বাকি তিন ম্যাচের একটিতে মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে ও রানার্সআপ প্যারাগুয়ে। বাকি দুই ম্যাচে লড়বে কলম্বিয়া-বলিভিয়া এবং পেরু-চিলি।
