চেলসির জয়, টটেনহ্যামের হার
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি জিতলেও হেরে গেছে টটেনহ্যাম হটস্পার।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ২-০ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে। ১৯ ও ৫০ মিনিটে বিজয়ী দলের দুই গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও এডেন হ্যাজার্ড।
চেলসি ঘরের মাঠের সুবিধা নিয়ে জিতলেও টটেনহ্যাম তা পারেনি। নিজেদের হোয়াইট হার্ট লেনে তারা ১-০ গোলে হেরে গেছে ফুলহ্যামের কাছে। ৫২ মিনিটে অতিথিদের জয়সূচক গোলদাতা দিমিতার বার্বাতভ।
ওয়েস্ট হ্যামকে হারিয়ে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থান ফিরে পেয়েছে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকা টটেনহ্যাম নেমে গেছে চতুর্থ স্থানে।
৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৯ পয়েন্ট।
ইংলিশ লিগের অন্য দুই ম্যাচে উইগান অ্যাথলেটিক ২-১ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে এবং সান্ডারল্যান্ড ১-১ গোলে নরউইচ সিটির সঙ্গে ড্র করেছে।
