২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ম্যাচ পর জোকোভিচের হার

বিএনপি পারিবাস ওপেনের সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোর কাছে হেরে গেছেন নোভাক জোকোভিচ। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলেও    সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসের এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে হারিয়ে দেয়া দেল পোত্রোর বিপক্ষে প্রথম সেট জিতে ফাইনালে ওঠার আশা উজ্জ্বল করে ‍তুলেছিলেন জোকোভিচ।

কিন্তু কোয়ার্টার ফাইনালের মতো জোকোভিচের বিপক্ষেও পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে জয় পান ২০০৯ সালের ইউএস ওপেন জয়ী দেল পোত্রো।

গত অক্টোবরে প্যারিসে অনুষ্ঠিত এটিপি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির কাছে হেরে যাওয়ার পর এটাই জোকোভিচের প্রথম হার। তবে এই ব্যর্থতায় হতাশায় ভেঙ্গে পড়েননি অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন বারের চ্যাম্পিয়ন।

খেলা শেষে তিনি বলেন, “এমনটা হয়েই থাকে। আজকের (রোববার) সব কৃতিত্ব আমার প্রতিপক্ষের। জয়টা তারই প্রাপ্য, কারণ গুরুত্বপূর্ণ মূহুর্তে সে ভালো খেলেছে এবং সঠিক শট খেলেছে।” 

অন্য সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে লড়াই করার তেমন সুযোগ দেননি নাদাল। রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন সহ ১১টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জিতেছেন ৬-৪, ৭-৫ গেমে।

হাঁটুর চোট থেকে সেরে উঠে কোর্টে ফেরার পর নাদালের এটি টানা চতুর্থ ফাইনাল। গত মাসে চিলির একটি প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর ব্রাজিল ওপেন ও মেক্সিকান ওপেনের শিরোপা জিতেছিলেন এই স্প্যানিশ তারকা।