টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সহজেই দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছে পাকিস্তান। সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে অতিথিদের।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান। জবাবে ১২ ওভার ২ বলে ১০০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে এটাই স্বাগতিকদের সর্বনিম্ন রান।
স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয়ের নায়ক অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও পেসার ওমর গুল। ব্যাট হাতেও সাফল্য পাওয়া হাফিজ ৩ উইকেট নেন ২৫ রানে।
৬ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার গুল। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৬ রানে ৫ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি যৌথভাবে তৃতীয় সেরা বোলিং।
সর্বোচ্চ ৩৬ রান উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান রানের খাতাই খোলতে পারেন নি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান ররি ক্লেইনভেল্টের।
এর আগে ম্যাচ সেরা হাফিজের ৮৬ ও উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের ৪৬ রানের সৌজন্যে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে পাকিস্তান। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই অতিথিদের সর্বোচ্চ রান।
হাফিজের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা। এই ইনিংস খেলার পথে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। শেহজাদের ২৫ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্লেইনভেল্ট ও ক্রিস মরিস দুটি করে উইকেট নেন।
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
