অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবলে শেখ জামাল নেই
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই আটটি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
শনিবার অনুষ্ঠিত ড্রয়ে একই গ্রুপে পড়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ।
‘বি’ গ্রুপে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাব।
এই প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক দলকে অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেয়া হবে।
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ২৫ হাজার এবং সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ৫ হাজার টাকা করে।
শেখ জামালের নাম প্রত্যাহার প্রসঙ্গে ক্লাবটির প্রতিনিধি আবদুল গাফফার বলেন, “লিগ কমিটির গত সভার পর আমি ক্লাব সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, অনূর্ধ্ব-১৬ বয়সশ্রেণীর এই প্রতিযোগিতায় আমরা অংশ নেব না।”
এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো দলের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, “আমাদের পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে। তারপরই এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”
