২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভার, উচ্ছ্বসিত গেইল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে গত বাংলাদেশ সফর ভালো কাটেনি। তাই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের প্রথম ম্যাচেই শতক পেয়ে একই সঙ্গে উচ্ছ্বসিত ও নির্ভার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 05:59 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘রেইস টু দ্য ফাইনাল’-এ সিলেট রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ১২টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ ১১৪ রানের ঝড়ো ইনিংস আসে তার ব্যাট থেকে।

ম্যাচ সেরা গেইল বলেন, “ছন্দে ফিরেছি বলতে পারেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পরিকল্পনা মতো কিছু হয়নি। আশা করি এই শতক আমাকে রানে ফিরতে সাহায্য করবে। এই ছন্দ ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটেও আমার দল কয়েকটি জয় পেতে পারে।”

“বিপিএলে আরেকটি শতক পেয়ে ভালো লাগছে। গত রাতে সরাসরি অস্ট্রেলিয়া থেকে এসেছি। এমন লম্বা যাত্রা শেষে মাঠে নামা সহজ নয়। পোলার্ড ও আমি দলকে প্রয়োজনীয় জয় এনে দিতে পেরেছি বলে ভালো লাগছে,” যোগ করেন তিনি।

গত নভেম্বরে বাংলাদেশ সফরের চেয়ে এই উইকেট সম্পূর্ণ আলাদা জানিয়ে গেইল বলেন, “সে সময় বল অনেক বেশি টার্ন করেছে। দুই দলই দুই শর কাছাকাছি রান করেছে। এতেই বোঝা যায় উইকেট কতটা ব্যাটিং সহায়ক।”

“শেষের দিকে ম্যাচ খুব ‘ক্লোজ’ হয়ে গিয়েছিল। প্রথম দুই বলে ছয় হলে যে কোনো বোলার চাপে পড়বেই। শেষ পর‌্যন্ত চাপ কাটিয়ে আমরাই জয় নিয়ে মাঠ ছেড়েছি,” যোগ করেন তিনি।

নিজের ইনিংস সম্পর্কে গেইল বলেন, “অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ছিল। আমাকে তাই ঠান্ডা মাথায় ব্যাট করতে হয়েছে। পোলার্ড আসার পর জুটি গড়েছি। পোলার্ড আউট হওয়ার পর অনিয়মিত বোলারদের ওভারে বেশি রান নেয়ার চেষ্টা করি। এটা আমাদের ভালো জায়গায় নিয়ে যায় আর ওদের চাপে ফেলে দেয়।”

সোহাগ গাজীর সঙ্গে ব্যক্তিগত লড়াই জেতা গেইল আরো বলেন, “আমার ধারণা বোলাররা আমাকে ভয় করে। তারা আমাকে যতবারই আউট করুক না কেন, আমি তাদের আক্রমণ করবোই।”

“সর্বশেষ বাংলাদেশ সফরে সোহাগ গাজী আমাকে কয়েক বার আউট করেছে। একজন বোলারের কাজই হল ব্যাটসম্যানকে আউট করা। তাই আমাকে বার বার গাজী, গাজী বলে প্রশ্ন করার কিছু নেই,” যোগ করেন তিনি।

মঙ্গলবারের ফাইনালে আরেকটি শতক দেখা যাবে কি না সে প্রশ্নের জবাবে গেইল জানান, কালই (শনিবার) চলে যাচ্ছেন তিনি। যদিও ঢাকা গ্ল্যাডিয়েটর্স তাকে ফাইনাল পর‌্যন্ত রেখে দেয়ার চেষ্টা করছে।