২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও শেখ রাসেলের জয়

বুধবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। আর গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেল ২-০ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে।

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে আবাহনী। এবারের লিগে এই প্রথম হেরে যাওয়া শেখ জামাল ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

এক ম্যাচ কম খেলা শেখ রাসেলের সংগ্রহও ২৫ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মুক্তিযোদ্ধা।

বুধবার আবাহনীর জয়ের নায়ক স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি। ১৯ মিনিটে ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের পাস থেকে ফাঁকায় দাঁড়ানো রনির প্লেসিং শট শেখ জামালের গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলের হাত ফসকে জালে জড়িয়ে যায়। এই গোল ধরে রেখে মূল্যবান তিনটি পয়েন্ট নিয়ে ঘরে ফেরে গতবারের চ্যাম্পিয়নরা।

এবারের লিগে রনির এটি ষষ্ঠ গোল। মোহামেডানের নাইজেরীয় স্ট্রাইকার ওসই মরিসন ৮ গোল নিয়ে আপাতত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে।

মুক্তিযোদ্ধার বিপক্ষে ৪৪ ও ৭৩ মিনিটে শেখ রাসেলের দুই গোলদাতা রেজাউল করিম ও মরক্কান মিডফিল্ডার আহমেদ আল জানাবি।

৭১ মিনিটে জুয়েল রানা দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বেরিয়ে গেলে দশ জনের দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা।