২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল-ম্যান ইউ আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় লড়াই বুধবার। প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Feb 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সান্তিয়াগো বার্নাবাউয়ে স্পেন ও ইংল্যান্ডের দুই সফলতম ক্লাবের লড়াই নিয়ে বেশ কিছু দিন ধরেই ফুটবল-বিশ্বে তুমুল উত্তেজনা। দুই দলেই তারকা কোচের উপস্থিতি তার অন্যতম কারণ।

কঠিন লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে ধারণা নিতে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান ইউ ও এভারটনের খেলা দেখতে যান জোসে মরিনিয়ো।

সেখানেই ‘এমইউটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ালের কোচ বলেন, “এটা (রিয়াল-ম্যানইউ) অনেক বড় একটা ম্যাচ। সবাই এমন ম্যাচ খেলতে চায়। চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোনো ম্যাচ নয়, পুরো বিশ্ব এটার জন্যই অপেক্ষা করছে। আশা করি সারা পৃথিবী যা চাইছে আমরা তা দিতে পারবো।”

ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটিতে রিয়াল সবচেয়ে সফল। রেকর্ড নয় বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে ম্যান ইউ শিরোপা জিতেছে তিন বার।

এ মৌসুমটা অবশ্য মরিনিয়োর দলের একদমই ভালো কাটছে না। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ তাদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্স ফার্গুসনের দলের অবস্থা ঠিক উল্টো। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে এরই মধ্যে শিরোপার সুবাস পেতে শুরু করেছে তারা।

দলের অবস্থা প্রসঙ্গে মরিনিয়ো বলেন, “মানুষ মনে করছে আমরা চাপের মধ্যে আছি। কারণ একটা বড় দলকে শিগগিরি প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই এই ম্যাচকে একটা বড় সুযোগ হিসেবে দেখছে।”

অন্যদিকে এই ‘মহারণ’ সম্পর্কে ম্যান ইউর কোচ ফার্গুসন বলেন, “এভারটন-ম্যানইউ ম্যাচ শুরু হওয়ার আগে মরিনিয়োর সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা দুজনেই বুধবারের ম্যাচের দিকে তাকিয়ে আছি। চমৎকার একটা ম্যাচ হবে।”

“এবার শিরোপা জিততে পারলে ভিন্ন তিনটি দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একমাত্র কোচ হবেন তিনি (মরিনিয়ো)। সুতরাং তার জন্য এটা বিশাল এক চ্যালেঞ্জ,” যোগ করেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেও এখন কঠিন চ্যালেঞ্জ। ২০০৯ সালে ম্যান ইউ থেকেই রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ তারকা। এই প্রথম পুরনো ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবেগকে প্রশ্রয় দিচ্ছেন না একটুও। বৃটিশ দৈনিক ‘দ্য সান’-এর সঙ্গে কথা বলার সময় ম্যান ইউতে খেলেই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেয়া রোনালদো বলেন, “রিয়ালের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দশম বারের মতো ইউরোপ-সেরা হতে চাই। আমার জন্য যা অনেকটা পর্বতের চূড়ায় পৌঁছানোর মতো ব্যাপার।”

“ফুটবল ইতিহাসে অনেক স্মরণীয় ম্যাচ আছে যা ভক্ত ও খেলোয়াড়দের মনে গেঁথে থাকে। এবার আমি এই ম্যাচকে স্মরণীয় করে রাখার মতো অবদান রাখতে চাই,” যোগ করেন তিনি।

এই সময়ের ফুটবল-মহানায়কের ম্যান ইউর জার্সি গায়ে অনেক অর্জন। ফার্গুসনের দলের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করা রোনালদো একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগসহ জিতেছেন মোট নয়টি শিরোপা। ২০০৮ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার তো পেয়েইছেন।

অবশ্য রিয়ালের হয়েও তিনি ব্যক্তিগতভাবে দারুণ সফল। ১৭৯ ম্যাচেই করে ফেলেছেন ১৮২টি গোল। তবে গতবারের লা লিগা সহ শিরোপা জিতেছেন মাত্র তিনটি। তাই চ্যাম্পিয়ন্স লিগ জয় রোনালদোর জন্য এক বিশাল চ্যালেঞ্জ।

বুধবার ঘরের মাঠে রিয়ালের জন্য অনু্প্রেরণাদায়ী তথ্য, ফার্গুসনের দলের বিপক্ষে মরিনিয়োর ব্যক্তিগত সাফল্যের খতিয়ান।

এর আগে তিনটি ভিন্ন দলের হয়ে ম্যান ইউর বিপক্ষে ১২টি ম্যাচের ছয়টিতেই জয়ের মধুর স্বাদ পেয়েছেন মরিনিয়ো। দুবার হার মেনেছে তার দল, বাকি চারটি ড্র।

২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে মরিনিয়োর অধীনে শিরোপা জয়ের পথে ম্যান ইউকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পোর্তো।

ম্যান ইউর বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও রিয়াল এগিয়ে। আগের আটটি ম্যাচের তিনটিতে জিতেছে রিয়াল, দুটিতে ম্যান ইউ। চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচের জয়ের হিসেবেও ২-১ ব্যবধানে এগিয়ে রিয়াল।

২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দেখায় মহাকাব্যিক লড়াইয়ের জন্ম দিয়েছিল ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই পরাশক্তি। বিশেষ করে ফিরতি লেগে।

প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে ব্রাজিলীয় স্ট্রাইকার রোনালদো হ্যাটট্রিক করলেও রিয়াল হেরে যায় ৪-৩ গোলে। দুই গোল করেন ম্যান ইউর সে সময়ের সবচেয়ে বড় তারকা ডেভিড বেকহ্যাম। কিন্তু দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে যায় রিয়াল।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র হওয়ার পর থেকেই এক দশক আগের সেই ম্যাচের স্মৃতি ফিরে-ফিরে আসছে ফুটবলপ্রেমীদের মনে।