ফাইনালে অপ্রতিরোধ্য নাদাল
হাঁটুর চোটের কারণে দীর্ঘ সাত মাস খেলতে পারেননি। তবে কোর্টে ফিরে, একটিও সেট না হেরেই চিলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেছেন রাফায়েল নাদাল।
এককের সেমিফাইনালে প্রতিযোগিতার তৃতীয় বাছাই ফ্রান্সের জেরেমি শার্দিকে সহজেই ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের টেনিস তারকা।
দ্বৈতেও কোনো সেট না হেরে ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। সেখানে তার সঙ্গী আর্জেন্টিনার হুয়ান মোনাকো।
প্রত্যাবর্তন টুর্নামেন্টে দুটি শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। তিনি বলেন, “এ সপ্তাহে যা করেছি তাতে আমি খুব খুশি। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেই পারতাম না।”
