২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মুক্তিযোদ্ধা লড়াই গোলশূন্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে স্ট্রাইকারদের ব্যর্থতা আবাহনীকে জিততে দেয়নি। অবশ্য মুক্তিযোদ্ধার গোলরক্ষক-ডিফেন্ডাররাও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে রুখে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্রথম লেগ শেষ করেছে আবাহনী। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই মুক্তিযোদ্ধার অবস্থান।

রোববার স্ট্রাইকারদের ব্যর্থতা আবাহনীকে জিততে দেয়নি। অবশ্য মুক্তিযোদ্ধার গোলরক্ষক-ডিফেন্ডাররাও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন তাদের সামনে।

৩৪ মিনিটের সময় ঘানার স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্কের শট পোস্টে যাওয়ার ঠিক আগে ঠেকিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক জিয়াউর রহমান।

চার মিনিট পর পেশাদার লিগের চার বারের চ্যাম্পিয়নদের আরেকটি হতাশার জন্ম। ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের ক্রসে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি মাথা ছোঁয়াতে ব্যর্থ।

বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে আবাহনী। তাই জয়ও ধরা দেয়নি।

মুক্তিযোদ্ধাও গোল করার সুযোগ পেয়েছিল অবশ্য। কিন্তু ৪৫ ও ৮২ মিনিটে ব্রাজিলীয় ফরোয়ার্ড টাইসন সিলভার ব্যর্থতায় তারাও গোলের দেখা পায়নি।