২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে আর দেশি কোচ নয়: সালাউদ্দিন

আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব। তার আগে দেশের মাটিতে চারটি প্রীতি ম্যাচ খেলার কথা জাতীয় দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, এই ম্যাচগুলোর জন্য জাতীয় দলের দায়িত্বে বাংলাদেশের কোনো কোচকে দেখা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব। তার আগে দেশের মাটিতে চারটি প্রীতি ম্যাচ খেলার কথা জাতীয় দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, এই ম্যাচগুলোর জন্য জাতীয় দলের দায়িত্বে বাংলাদেশের কোনো কোচকে দেখা যাবে না। শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খারাপ পারফরম্যান্সই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বাফুফে সভাপতিকে। দলের কোচ সাইফুল বারী টিটুর ওপরে আস্থা হারিয়ে ফেলা সালাউদ্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপরেও ভীষণ বিরক্ত। তিনি বলেন, “এত দিন সব দিকে লক্ষ্য করিনি। কিন্তু এখন বুঝতে পারছি তা না করে ভুল করেছি।” “দল গঠনে পক্ষপাতিত্বের অভিযোগ এত দিন উড়িয়ে দিয়েছি। কিন্তু শ্রীলঙ্কায় হতাশাজনক পারফরম্যান্সের পর এ ধরনের অভিযোগ এখন সত্যি বলে মনে হচ্ছে,” যোগ করেন সালাউদ্দিন। জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়ে আসার কথা জানিয়ে বাফুফে সভাপতি বলেন, “আমরা একজন মানসম্মত বিদেশি কোচের খোঁজে আছি। শিগগিরই একজন কোচকে নিয়োগ দেয়া হবে।” বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০১২ঘ.