ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি থেকে ধারে যোগ দিয়েছিলেন টটেনহাম হটস্পারে। এবার শুরুতেই স্থায়ী চুক্তিতে টটেনহামের হয়ে গেলেন ইমানুয়েল আদেবায়োর।
তিন বছর আগে আর্সেনাল থেকে আদেবায়োরকে নিয়ে আসার মাধ্যমেই ম্যান সিটির তারকাসমৃদ্ধ হয়ে ওঠার শুরু। রবার্তো মানচিনি ম্যান সিটির কোচ হওয়ার পর তিনি অবশ্য তেমন সুবিধা করে উঠতে পারেননি। ২০১১ সালের শুরুতে ধারে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে কয়েক মাস কাটিয়ে চলে আসেন টটেনহামে। এখন লন্ডনের ক্লাবটিই টোগোর স্ট্রাইকারের স্থায়ী ঠিকানা।
ঠিক কত ট্রান্সফার ফি’র বিনিময়ে আদেবায়োর টটেনহামে যোগ দিলেন তা অবশ্য জানা যায়নি। ব্রিটেনের গণমাধ্যমের ধারণা, অংকটা ৫০ লাখ পাউন্ড।
তবে ট্রান্সফার ফি যতই হোক, স্থায়ীভাবে টটেনহামে যোগ দিতে পেরে দারুণ খুশি গত মৌসুমে ৩৭ ম্যাচে ১৮ গোল করা আদেবায়োর। তিনি বলেন, “স্থায়ীভাবে স্পার্সের (টটেনহামের) সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। গত মৌসুমে এখানে সময়টা দারুণ উপভোগ করেছিলাম। আশা করি এবার আমরা অনেক কিছু অর্জন করতে পারবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৪৫ঘ.
bdnews24