ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিযোগিতার নাম জাতীয় মহিলা ফুটবল হলেও ফিফার নির্দেশনায় নাম বদলে হয়েছে সুপার লিগ। মঙ্গলবার দেশের তিন ভেন্যুতে এক যোগে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টে দল বেড়েছে, বাড়ছে মেয়েদের সুযোগ-সুবিধাও। মেয়েদের উৎসাহিত করতে প্রাইজমানি ছাড়াও যাতায়াত ভাতা এবং দৈনিক আড়াইশ টাকা দেয়া হচ্ছে। এছাড়া চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্সআপ দল ৩০ হাজার, সেরা ফুটবলার ও সর্বোচ্চ গোলদাতা ৫ হাজার টাকা করে পাবেন।
আর প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাবে ১০ হাজার টাকা করে। প্রতিটি ভেন্যু খরচ বাবদ পাবে ৩০ হাজার টাকা করে।
এবারই প্রথম মেয়েদের রেজিস্ট্রেশন করে খেলতে হবে। ৩৮ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে ১০ লাখ টাকা দিচ্ছে কেএফসি। ফিফার অনুদান ৩৩ হাজার মার্কিন ডলার।
ফিফার নির্দেশনা মানতেই টুর্নামেন্টের নাম ও ধরণে পরিবর্তন হয়েছে। জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা হয়েছে সুপার লিগ।
বাছাইপর্ব টপকে আসা সাতটি ও বর্তমান চ্যাম্পিয়ন আনসারকে নিয়ে টুর্নামেন্টের মূল পর্ব হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। চুড়ান্ত পর্বের সেরা চার দল খেলবে সুপার ফোরে।
নাম বদলানোর পাশাপাশি দলও বেড়েছে প্রতিযোগিতায়। গত জাতীয় প্রতিযোগিতায় খেলেছিল ২৬টি দল। এবার খেলবে ৩৬টি দল।
মঙ্গলবার খাগড়াছড়ি, কুষ্টিয়া ও জয়পুরহাটে ভেন্যুতে খেলা শুরু হবে। বুধবার থেকে নীলফামারি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ভেন্যুতে শুরু হবে। আর সিলেট ও ঢাকায় হবে ১৪ জুলাই থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩০ঘ.
bdnews24