২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ফেদেরার

বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠে গেছেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। সেমিফাইনালে শুক্রবার পুরুষ এককের শীর্ষ খেলোয়াড় জোকোভিচকে ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে হারের প্রতিশোধটা ভালো ভাবেই নিলেন ফেদেরার। গতমাসে জোকোভিচের কাছে হেরেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তৃতীয় বাছাই ফেদেরার। রোববারের ফাইনালে যদি জিততে পারেন ফেদেরার তবে জোকোভিচকে টপকে আবারো র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। সেই সঙ্গে পিট সাম্প্রাসের ৭টি উইম্বলডন শিরোপার পাশাপাশি ২৮৬ সপ্তাহ র‌্যাংকিংয়ের শীর্ষে থাকার রেকর্ডটিও ছুঁয়ে ফেলবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৩ ঘ.