ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছর বিরতির পর রোববার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার হকি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সদ্য সমাপ্ত ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র ও রানার্স আপ আবাহনী লিমিটেড।
২০১০ সালের জুনে সর্বশেষ প্রিমিয়ার লিগ হয়েছিলো। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিনের চার বছরের মেয়াদে ঐ একবারই হয়েছিলো প্রিমিয়ার লিগ।
সেবার অবশ্য ঊষা অংশ নেয়নি। বাইলজ অনুযায়ী লিগ থেকে অবনমনও হয় তাদের। তবে আদালতের রায়ে আবার প্রিমিয়ার লিগে ফিরে এসেছে ঢাকার হকির অন্যতম শক্তিশালী দলটি।
এবারের লিগে ১১টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আবাহনী লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব, ঊষা ক্রীড়াচক্র, আজাদ এসসি, পুলিশ এসি, ওয়ারী ক্লাব, সোনালী ব্যাংক, বাংলাদেশ এসসি, অ্যাজাক্স এসসি ও সাধারণ বীমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৫ঘ.
bdnews24