ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বড় ব্যবধানে জিতেছে। তারা ৪-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরীয় স্ট্রাইকার সানডে চিজোবা এবং মিঠুন চৌধুরীর জোড়া গোলে মুক্তিযোদ্ধার জয়টি সহজ হয়ে যায়।
অবশ্য এই ম্যাচে দুই দলের দু’জন খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন। রহমতগঞ্জের উইঙ্গার শিরফিন আহমেদ রনি সরাসরি এবং মুক্তিযোদ্ধার মিঠুন চৌধুরী দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়েছেন।
ম্যাচে অবশ্য মুক্তিযোদ্ধা শুরু থেকেই প্রাধান্য দেখায়। তাই গোলেরও দেখা পায় শুরুতেই। ৭ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে চিজোবার গোলে এগিয়ে যায় তারা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমার থ্রু পাস থেকে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।
এক গোল হজম করার পর লাল কার্ড পান রহমতগঞ্জের উইঙ্গার শিরফিন আহমেদ রনি। ২০ মিনিটে রনি মুক্তিযোদ্ধা ডিফেন্ডার নাসিরকে মারাত্বক ভাবে ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
মুক্তিযোদ্ধার ব্যবধান দ্বিগুন হয় ম্যাচের ৩৮ মিনিটে। মামুনুল ইসলামের ক্রসে মিঠুনের প্লেস রহমতগঞ্জ গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায় (২-০)।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
৬৯ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন সানডে। মিঠুনের বাড়ানো বলে সানডে আলতো পুশে জালে জড়ান (৩-০)।
ম্যাচ শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মিঠুন। সানডের বাড়ানো বলে মিঠুন আড়াআড়ি শটে গোল করেন (৪-০)।
অবশ্য পরের মিনিটেই লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে মিঠুনকে। হাত দিয়ে বল থামালে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এই জয়ে মুক্তিযোদ্ধার ঝুলিতে জমা পড়েছে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট। তারা আছে দ্বিতীয় স্থানে। আর রহমতগঞ্জ ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৪৫ঘ.
bdnews24