ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য বুধবার ঘরের মাঠে নাপোলিকে ২-০ বা তার চেয়ে বড় ব্যবধানে হারাতে হবে চেলসিকে। দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগের অন্য ম্যাচে সিএসকেএ মস্কোর সঙ্গে গোলশূন্য ড্র করলেই শেষ আট নিশ্চিত হয়ে যাবে রিয়াল মাদ্রিদের।
এবারের চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবগুলোর করুণ অবস্থা। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি নকআউট পর্বে উঠতে পারেনি। শেষ ষোলর প্রথম লেগে এসি মিলানের কাছে ৪-০ গোলে হারের মাশুল দিতে হয়েছে আর্সেনালকে। ঘরে মাঠে ফিরতি লেগ ৩-০ গোলে জিতেও কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে তারা।
ইংল্যান্ডের শেষ ভরসা চেলসিও নাপোলির মাঠে প্রথম লেগ ৩-১ গোলে হেরে যাওয়ায় বাদ পড়ার আশঙ্কায়। ২১ ফেব্র“য়ারির ম্যাচটি হেরে যাওয়ার পর পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করে চেলসি কর্তৃপক্ষ।
তবে চেলসির জন্য আশার কথা, ইংল্যান্ডের মাটিতে আজ পর্যন্ত জিততে পারেনি নাপোলি। গ্র“প পর্বে ম্যান সিটির মাঠে ১-১ গোলে ড্র করেছিলো তারা।
রাশিয়ার সিএসকেএ মস্কো নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে আটকে দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলো। প্রচন্ড ঠান্ডায়, কৃত্রিম মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে তেমন সুবিধা করে উঠতে পারেনি তারকাসমৃদ্ধ রিয়াল।
তবে বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে খেলবে বলে হোসে মরিনহোর দল বাড়তি সুবিধা পাবেই। এ মৌসুমে ঘরের মাঠে একমাত্র চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছেই হেরেছে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৯ঘ.
bdnews24