২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে আবার শীর্ষে মুক্তিযোদ্ধা

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ জনের দল নিয়েও জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছে। দুই ম্যাচ পর পাওয়া জয়ের সুবাদে লিগের শীর্ষেও ফিরেছে মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ জনের দল নিয়েও জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছে। দুই ম্যাচ পর পাওয়া জয়ের সুবাদে লিগের শীর্ষেও ফিরেছে মুক্তিযোদ্ধা। ৭ ম্যাচ থেকে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৬ পয়েন্ট। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দ্বিতীয় স্থানে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান তৃতীয়। মুক্তিযোদ্ধাকে অবশ্য অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। ৭৮ মিনিটে একমাত্র গোলটি পেয়েছে তারা। মিডফিল্ডার মামুনুল ইসলামের পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষক বিপ্ল¬বের পাশ দিয়ে আলতো শটে বল জালে জড়িয়ে দেন নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা। লিগে এটি সানডের পঞ্চম গোল। গোলদাতার তালিকায় তিনিই এখন সবার ওপরে। চারটি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন শেখ রাসেলের বুকোলা ওলালেকান, মুক্তিযোদ্ধার জাহিদ হাসান এমিলি ও আরামবাগের এলিটা কিংসলে। সানডের লক্ষ্যভেদের আগের মিনিটেই অবশ্য এগিয়ে যেতো পারতো মুক্তিযোদ্ধা। কিন্তু আলমগীর রানার ক্রস পোস্টের সামনে পেয়েও বল জালে পাঠাতে পারেননি মুক্তিযোদ্ধার অধিনায়ক মামুনুল। এর আগে ৭৩ মিনিটে প্রতিপক্ষের ইয়ামিন আহমেদ মুন্নাকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মুক্তিযোদ্ধাকে দশ জনের দলে পরিণত করেন ডিফেন্ডার রেজাউল করিম। তবে একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগাতে পারেনি শেখ রাসেল। তাই টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আগের দুই ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন এবং আবাহনীর কাছেও ১-০ গোলে হেরেছিলো তারা। আরেকটি হারে শেখ রাসেলের কোচ মারুফুল হক স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ। ম্যাচ শেষে তিনি বলেন, “ভালো দল গড়েও শেখ রাসেল এখন আর শিরোপার লড়াইয়ে নেই। এই ম্যাচও হেরে যাওয়ায় আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে।” “খেলোয়াড়দের মধ্যে আমি কখনোই জয়ের খিদে দেখিনি। চ্যাম্পিয়ন হওয়ার তাড়না তাদের মধ্যে কখনোই কাজ করেনি। আমি যেভাবে চেয়েছি সেভাবে তারা খেলতে পারছে না। তাই ফলও ভালো হচ্ছে না,” যোগ করেন তিনি। অন্যদিকে শেখ রাসেলকে হারিয়ে আবার শীর্ষে ফিরে দারুণ খুশি মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, “প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিলো আবার বুঝি আমরা পয়েন্ট হারাতে যাচ্ছি। দ্বিতীয়ার্ধে একজন স্ট্রাইকারকে তুলে মিডফিল্ডার নামানোর পর আমাদের আক্রমণের ধার বেড়ে যায়। তার সুফলও পেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩২ঘ.