২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে আর্সেনালের নাটকীয় জয়

সেন্টার ব্যাক টমাস ভারমাইলেনের শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ের ফলে তালিকায় তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পেছনে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্টার ব্যাক টমাস ভারমাইলেনের শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ের ফলে তালিকায় তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পেছনে তারা। ২৮ খেলায় আর্সেনালের পয়েন্ট ৫২। পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা। সমান খেলায় ৬৭ পয়েন্ট নিয়ে রোববার ম্যানচেস্টার সিটিকে সরিয়ে তালিকায় শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। দুই নম্বরে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৬। ছয় দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মত নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন খেলতে নেমেছিলো আর্সেনাল। এসি মিলানের বিপক্ষে শেষ ষোলর ফিরতি লেগের খেলায় মঙ্গলবার এই মাঠে ৩-০ গোলে জিতেও (৪-৩ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে ওঠে মিলান) চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো আর্সেন ওয়েঙ্গারের দলকে। এদিনও প্রথমে পিছিয়ে পড়েছিলো আর্সেনাল। ১৪ মিনিটে নিউক্যাসলের মিডফিল্ডার হাতেম বিন আরফা গোল করে দলকে এগিয়ে নেন। যদিও মাত্র এক মিনিট পরই খেলায় সমতা ফেরান আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সি। লিগ শীর্ষ গোলদাতা পার্সির এটি ২৬তম গোল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। সংযোজিত সময়ের পঞ্চম ও শেষ মিনিটে থিও ওয়ালকটের কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে স্টেডিয়ামের ষাট হাজার দর্শককে আনন্দে ভাসান ভারমাইলেন। লিগে এই নিয়ে টানা চতুর্থবারের মত পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো আর্সেনাল। ইপিএলের আর কোনো দলের এই রেকর্ড নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৪৫ ঘ.