২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু যোগ্যদেরই বাফুফেতে দেখতে চান বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সমঝোতার প্যানেলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বর্তমান সহ-সভাপতি বাদল রায়। তবে যে কোনো মূল্যে শুধু যোগ্য ব্যক্তিদেরই বাফুফের কমিটিতে দেখতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সমঝোতার প্যানেলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বর্তমান সহ-সভাপতি বাদল রায়। তবে যে কোনো মূল্যে শুধু যোগ্য ব্যক্তিদেরই বাফুফের কমিটিতে দেখতে চান তিনি। রোববার বাফুফে ভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সমঝোতার প্যানেলের বিরুদ্ধে নই। সময় এলেই বোঝা যাবে সমঝোতার প্যানেল হবে, নাকি আলাদা প্যানেল।” শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আগামী ২৮ এপ্রিলের নির্বাচনে সমঝোতার প্যানেল নিয়ে তিনি এখনও অন্ধকারে। এ ব্যাপারে কয়েক বার সভা করেও তিনি নিশ্চিত হতে পারেননি। এ প্রসঙ্গে বাদল রায় মন্তব্য করতে রাজি হননি। তবে একটি বিষয়ে তিনি সালাউদ্দিনের সঙ্গে একমত। বাফুফে সভাপতির মতো তিনিও বাফুফের পরবর্তী কমিটিতে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য পাওয়ার পক্ষে। বাদল রায় বলেন, “কমিটিতে থেকেও গত চার বছর যারা কোনো কাজ করেননি তাদের পরবর্তী কমিটিতে আসার বিপক্ষে আমি। যারা যোগ্য শুধু তাদেরই মূল্যায়ন হওয়া উচিত।” “বর্তমান কমিটিতে না থাকলেও একজন যোগ্য ব্যক্তি পরবর্তী কমিটিতে আসতে পারেন। যাদের মাধ্যমে ফুটবলের উন্নতি হবে শুধু তাদেরই আসা উচিৎ,” যোগ করেন জাতীয় দলের সাবেক তারকা। নির্বাচনে কয়টি প্যানেল হবে তা এখনো ঠিক না হলেও বাফুফে ভবনে নির্বাচনের উত্তাপ টের পাওয়া যাচ্ছে। প্রতিদিনই নতুন-নতুন মুখের দেখা মিলছে। জেলা ও বিভাগগুলো থেকে কর্মকতারা আসছেন। যে সব ক্লাব কর্মকর্তাকে দীর্ঘ দিন দেখা যায়নি তারাও যাচ্ছেন বাফুফে ভবনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০২ঘ.