ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জল গড়িয়ে পড়ছিল তখন ক্লদিও রানিয়েরির চোখ থেকে। তবে কান্নার নয়, আনন্দের। সব ধরনের প্রতিযোগিতায় টানা নয় খেলা পর দশম ম্যাচে এসে জয়ের মুখ দেখলেন যে তিনি। সেরি আয় শুক্রবার রাতে সিয়েভো ভেরোনার বিপক্ষে ২-০ গোলে জেতে তার ইন্টার মিলান।
আর কালিয়ারিকে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ফিরতি খেলার মহড়াটা ভালোভাবেই সেরে নিল নাপোলি।
সান পাওলোয় খেলার দশ মিনিটে মারেক হ্যামসিকের গোলে এগিয়ে যায় নাপোলি। নয় মিনিট পরই ব্যবধান ২-০ তে নিয়ে যান পাওলো কানাভারো।
গোল ব্যবধান তিনে নিয়ে যেতে অবশ্য কষ্ট করতে হয়নি নাপোলিকে। তাদের পক্ষে কাজটি করে দেন প্রতিপক্ষ খেলোয়াড় দাভিদ অ্যাস্তোরি । নিজেদের জালে নিজেই বল ঢুকিয়ে দেন তিনি খেলার ৩০ মিনিটে।
তবে আট মিনিট পরই ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন কালিয়ারির জোয়াকুইন ল্যারিভে।
বিরতির পর খেলার ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবারো তিনে নিয়ে যান ইজেকুয়েল লাভেজ্জি। ওয়াল্টার গারগানোর গোলে পার্থক্য আরো বাড়িয়ে নেয় নাপোলি, খেলার ৭০ মিনিটে।
সাত মিনিট পরই গোল-ব্যবধান আবারো কমিয়ে আনেন লারিভে। নাপোলির পক্ষে ষষ্ঠ গোলটি করেন ক্রিস্টিয়ান ম্যাগিও। কিন্তু যোগ করা সময়ে নাপোলির জালে আবারো আঘাত হানেন লারিভে।
শেষ পর্যন্ত তিন গোলের পার্থক্য থেকে যায় দল দুটোর মধ্যে।
শিয়েভোর মাঠ থেকে খালি হাতেই বাড়ি ফেরার মতো অবস্থা হয়েছিল ইন্টারের। গোলশূন্যভাবেই শেষ হতে বসেছিল উভয় দলের খেলা। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে ওয়াল্টার স্যামুয়েল হাসি ফোটান রানিয়েরির মুখে। তিন মিনিট পরই দিয়েগো মিলিতো খেলাকে নিয়ে যান শিয়েভোর নাগালের বাইরে।
খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জলে ভিজে যায় রানিয়েরির চোখ। সেরি আয় পাঁচ হার ও দুই ড্রয়ের পর এই প্রথম জয়ের স্বাদ নিলেন তিনি।
সাংবাদিকদের কাছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার কথা লুকোলেন না তিনি। বরং এর কারণও ব্যাখ্যা করেন, “এখন বুঝতেই পারছেন আমি আমার দলের কতটা যতœ নেই।”
সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে বুড়িয়ে যাওয়া ইন্টার জাগিয়ে তোলেন রানিয়েরি। সেরি আয় ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল তার দল। তারপর পথ হারিয়ে ফেলে হঠাৎ করেই। বন্দী হয়ে পড়ে হার ও ড্রয়ের বৃত্তে।
এই খেলায় জিতে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে গেল ইন্টার, দুই পয়েন্ট পেছনে ফেললো এএস রোমাকে। শনিবার পলের্মো নিজেদের মাঠে স্বাগত জানাবে রোমের এই দলটিকে।
নাপোলি ও ইন্টার, উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি খেলায় মাঠে নামবে আগামী সপ্তাহে। নাপোলির প্রতিপক্ষ ইংল্যান্ডের চেলসি। আর ইন্টার খেলবে ফ্রান্সের অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে।
খেলা শেষে হ্যামসিক বলেন, “আজ (শুক্রবার) রাতে গোল করেছেন আমাদের অনেকে।” আর একেই আসল কথা বলে অভিহিত করে তিনি বলেন, “চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের খেলার আগে বিশ্রাম পাওয়াও আমাদের কাজে লাগছে।”
নাপোলি ২৭ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে। কালিয়ারির পয়েন্ট ৩১।
শীর্ষ দল এসি মিলানের পয়েন্ট ২৬ খেলায় ৫৪। সমান খেলায় দ্বিতীয় দল জুভেন্টাস পিছিয়ে আছে দুই পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৪ ঘ.
bdnews24