২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির রেকর্ড পাঁচ গোল

বেয়ার লেভারকুনের জালে লিওনেল মেসির রেকর্ড পাঁচ গোলের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে পেপ গার্দিওলার দল বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - “মেসিকে ছাড়াই বার্সেলোনা সেরা,” দলের করুণ পরিণতি দেখে নিজের উপলব্ধি তুলে ধরলেন বেয়ার লেভারকুসেন কোচ রবিন দত্ত, “আর মেসিকে নিয়ে তো তারা অন্য সৌরজগতের দল।” মোটেও বাড়িয়ে বলেননি তিনি। বুধবার আক্ষরিক অর্থেই, ফুটবলের অতুলনীয় সৌন্দর্য্যরে ডালা মেলে ধরলেন মেসি। তার পা থেকে একে একে বের হলো পাঁচ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম, একজন খেলোয়াড়ই গোলের বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন প্রতিপক্ষকে। সেই সঙ্গে তেল্লোর জোড়া গোলের ওপর ভর করে বার্সা ফিরতি খেলায় লেভারকুসেনকে হারায় ৭-১ গোলে। ফলে দুই খেলা মিলে ১০-২ গোলে এগিয়ে থাকায় প্রতিযোগিতার শেষ আটে উঠে গেল পেপ গার্দিওলার দল। নু-ক্যাম্পে টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় প্রথম গোলটি করেন ২৫ মিনিটে ও দ্বিতীয়টি ৪২ মিনিটে। আর দলের হয়ে ফুটবল-জীবনের ১৭তম হ্যাট্রিক আদায় করে নেন ৪৯ মিনিটে। এরপর আরো দুটো গোল দেন তিনি ৫৮ ও ৮৪ মিনিটে। প্রথম খেলায় ৩-১ গোলে হার মেনেছিল লেভারকুসেন। এই গোলগুলো নিয়ে এ মৌসুমে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৮ গোল করলেন মেসি। এর মধ্যে ১২ গোল করেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে। সেই সঙ্গে ধরে ফেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় রুদ ভন নিস্টলরয়কে। এক মৌসুমে সবচেয়ে বেশি ১২ গোল করার রেকর্ড যে তারই। আর চ্যাম্পিয়ন্স লিগে মেসির মোট গোল সংখ্যা দাঁড়ালো ৪৯-এ। ফলে ছুঁয়ে ফেললেন তিনি আলফ্রেদো স্তেফানোকে। প্রতিযোগিতার সর্বাধিক গোলদাতাদের তালিকায় তারা দুজনেই আছেন এখন চতুর্থ স্থানে। মেসি তার প্রথম গোলটি দেন জাভি হার্নান্দেজের কাছ থেকে দূর-পাল্লার ‘পাস’ পেয়ে, ১২ গজ দূর থেকে বাঁ-পয়ে চিপ করে। দ্বিতীয় গোলটির জন্য তাকে বল বানিয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর শট নেন মেসি ১২ গজ দূর থেকে। রক্ষণভাগের বেশ কয়েকজন খেলোয়াড়ের ভেতর দিয়ে বল আশ্রয় নেয় জালে। সেস ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে তৃতীয় গোলটি করেন তিনি, ৯ গজ দূর থেকে। চতুর্থ গোল করার সঙ্গে সঙ্গে আরেকটি রেকর্ড গড়েন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে চার গোল দেয়ার রেকর্ড নিজের করে নেন তিনি। আর্সেনালের জালে চারবার বল পাঠিয়েছিলেন তিনি দুই বছর আগে। পঞ্চম গোলটি করেন মেসি বাঁ পায়ে, ১৯ গজ দূর থেকে। তার শট অনেকটা বাঁক নিয়ে আশ্রয় নেয় প্রতিপক্ষের জালে। বদলী খেলোয়াড় তেল্লো তার গোল দুটো দেন ৫৫ ও ৬২ মিনিটে। খেলা শেষে মেসি এক টেলিভিশন সাক্ষাৎকারে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেন, “আসল কথা হলো আমরা পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছি।” “পাঁচ গোল করে ভালোই লাগছে। তবে দলের জয়টাই বড় কথা,” যোগ করেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। তখন তিনি তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে ছিলেন ম্যাচ-বলটি। মুখে লজ্জা লজ্জাভাব। তার কোচ গার্দিওলা এক সংবাদ সম্মেলনে বলেন, “চমৎকার খেলোয়াড় মেসি।” “পাঁচ গোল করা সহজ কথা নয়। কিন্তু তিন যদি ছয় গোল করবেন বলে ঠিক করেন, তাহলে তাও তিনি করতে পারবেন,” যোগ করেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৭ সালে এএস রোমাকে হারিয়েছিল ৭-১ গোলে। আর ২০০৯ সালে প্রতিযোগিতার নক-আউট পর্বে স্পোর্টিং লিসবনকে একই ব্যবধানে হারায় বায়ার্ন মিউনিখ। দিনের অপর খেলায় অ্যাপোয়েল নিকোশিয়া ১-০ গোলে জেতে অলিম্পিক লিওঁর বিপক্ষে। ফলে মোট গোল ব্যবধান ১-১ এ ড্র থাকায় আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। এতে ৪-৩ গোলে জিতে সাইপ্রাসের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় অ্যাপোয়েল। প্রথম খেলায় লিওঁ ১-০ গোলে জেতে অ্যাপোয়েলের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৯ ঘ.