ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেপ গার্দিওলা মেক্সিকোর দল শিভাসের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে যে খবর বেরিয়েছে, তা স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি।
এ সপ্তাহের প্রথম দিকে য়ুহান ক্রুইফকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার কথা ঘোষণা করে মেক্সিকোর দলটি। এর পরই গুজব ছড়িয়ে পড়ে যে, তার পথ ধরতে পারেন গার্দিওলাও।
স্পোর্টিং গিজনের সঙ্গে বার্সেলোনার শনিবারের খেলার আগে সাংবাদিক সম্মেলনে গার্দিওলা বলেন, এই মুহূর্তে শিভাস তার পরিকল্পনায় নেই।
“আগেও আমি মেক্সিকো গিয়েছি, সেখানে ছিলামও। কিন্তু সহসাই সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই,” বলেন গার্দিওলা।
বার্সার সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এই গ্রীষ্মে। তবে এখনো তিনি ন্যু-ক্যাম্পে থেকে যাওয়ার প্রতিশ্র“তি দেননি। ২০০৮ সালে বার্সার দায়িত্ব নেয়ার পর দু’বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৭ ঘ.
bdnews24