ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার ৯৯ দিন আগে বড় ধরনের হোঁচট খেয়েছে ইতালি। ৭৮ বছরেরও বেশি সময় ধরে এগারো বার খেলে তাদের বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখেছে যুক্তরাষ্ট্র, বুধবার প্রীতি খেলায় ইউরোপের দলটিকে হারায় ১-০ গোলে।
তবে স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হতেই পারে। স্পেন ৫-০ গোলে ভেনিজুয়েলাকে, ফ্রান্স ২-১ গোলে জার্মানিকে ও নেদারল্যান্ডস ৩-২ গোলে জেতে ইংল্যান্ডের বিপক্ষে।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির প্রথম হ্যাট্রিকের সুবাদে আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে, কোস্টারিকা ১-০ গোলে ওয়েলসকে, সুইডেন ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে, রাশিয়া ২-০ গোলে ডেনমার্ককে, ইউক্রেন ৩-২ গোলে ইসরায়েলকে, ¯ে¬াভাকিয়া ২-১ গোলে তুরস্ককে ও কলম্বিয়া ২-০ গোলে মেক্সিকোকে হারায়।
এছাড়া রোমানিয়া ও উরুগুয়ে, বেলজিয়াম ও গ্রিস, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র এবং চিলি ও ঘানার খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আর পর্তুগাল ও পোল্যান্ডের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৮ জুন। প্রতিযোগিতাটি হবে পোল্যান্ড ও ইউক্রেনে।
জেনোয়ায় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি ইতালির বিপক্ষে যুক্তরাস্ট্রের বিরল এই জয়ের রূপকার ছিলেন ক্লিন্ট ডেম্পসি। জয়সূচক গোলটি করেন তিনি খেলার ৫৫ মিনিটে।
মালাগায় রবার্তো সোলদাদোর হ্যাট্রিকের ওপর ভর করে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ৫-০ গোলে ভেনিজুয়েলাকে নাকাল করে।
প্রথমার্ধে আন্দ্রেস ইনিয়েস্তা ও দাভিদ সিলভার গোলে ২-০ ব্যবধানে এগিয়েছিল স্পেন। গোলের জন্য দুটো বলই তাদের বানিয়ে দেন সেস ফ্যাব্রেগাস। আর দ্বিতীয়ার্ধটা নিজের করে নেন সোলদাদো। পর পর তিন গোল দেন তিনি।
ব্রেমেনে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে গেল ফ্রান্স। ফ্রান্সের পক্ষে গোল দুটো করেন অলিভার গিরোঁ ও ফ্লোরেন্ত মালুদা।
খেলার ২১ মিনিটে দলকে এগিয়ে নেন গিরোঁ। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান মালুদা। আর জার্মানির পক্ষে একটি গোল শোধ করেন কাকাউ।
ফ্রান্স শেষবার হার মেনেছিল ২০১০ সালের ৩ সেপ্টেম্বর বেলারুশের কাছে ১-০ গোলে।
ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে জয়সূচক গোলটি করেন আরিয়েন রোবেন যোগ করা সময়ে। এর আগেও একটি গোল করেন তিনি।
মেসির বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, তিনি তার বার্সেলোনার ‘ফর্ম’ কখনোই অনুবাদ করতে পারেননি আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু তিনি তার উপযুক্ত জবাব দেন সুইজারল্যান্ডের বিপক্ষে তিন গোল করে। দুটো গোল দেন তিনি খেলার ২০ ও ৮৮ মিনিটে। আর পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন যোগ করা সময়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৩ ঘ.
bdnews24