ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টারের দুই দল, ইউনাইটেড ও সিটি বিদায় নেয়ায় টটেনহ্যাম হটস্পারকে বিবেচনা করা হচ্ছিল এফএ কাপের ‘ফেভারিট’ হিসেবে। কিন্তু রোববার গোলশূন্য ড্র করে তাদের রুখে দিয়েছে লিগ-ওয়ানের দল স্টেভেনাগে। তবে ব্রাইটনকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে লিভারপুল। এর মধ্যে তিনবার নিজেরাই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন ব্রাইটনের খেলোয়াড়রা।
কালিং কাপের ফাইনালিস্টদের খেলার পাঁচ মিনিটে এগিয়ে নেন মার্টিন স্ক্রটেল। কাজেঙ্গা লুয়ালুয়া খেলায় সমতা ফেরান ১৭ মিনিটে।
খেলার ৪৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। তবে দলের কোনো খেলোয়াড়ের পা থেকে গোলটি আসেনি। ব্রাইটনের লিয়াম ব্রিডকাট নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন।
অ্যান্ডি ক্যারোল গোল ব্যবধান ৩-১ এ নিয়ে যান ৫৭ মিনিটে। ৭১ মিনিটে আবারো আত্মঘাতী গোল করেন ব্রিডকাট। তিন মিনিট পর আরেকটি আত্মঘাতী গোলে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রাইটন। তবে এবার আর ব্রিডকাট নয়, গোলটি দেন লুইস ডাঙ্ক।
গোল ব্যবধান ৬-১ এ নিয়ে যান লুই সুয়ারেজ খেলার ৮৫ মিনিটে। এর আগে অবশ্য পেনাল্টি শট নিয়েও গোল করতে পারেননি তিনি।
আগামী রোববারের কার্লিং কাপের ফাইনালের আগে বড় এই জয়ের মধ্য দিয়ে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিল লিভারপুল।
কোয়ার্টার-ফাইনালে লিভারপুল খেলবে স্টক সিটির বিপক্ষে। দলটি ২-০ গোলে হারায় লিগ-টু-এর দল ক্রলিকে।
আর টটেনহ্যাম ও স্টেভেনাগের খেলা ড্র হওয়ায় আবারো মুখোমুখি হতে হবে দল দু’টোকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৮ ঘ.
bdnews24