ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী বিজেএমসিকে রুখে দিয়েছে তারা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া ব্রাদার্স এগিয়ে যায় ৪১ মিনিটের সময়। শাহ আলমগীর অনিকের আড়াআড়ি পাস থেকে নাইজেরীয় স্ট্রাইকার জসু ওলালেকিন অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন (১-০)।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো ব্রাদার্স। কিন্তু রনি ইসলামের ক্রস থেকে ইসমাইল বাঙ্গুরার মাটিঘেঁষা শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা গোলের দেখা পায়নি।
এমন অনেক সুযোগ নষ্ট করার মাশুল দিয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাদার্সকে।
এগিয়ে থাকার আনন্দ অবশ্য অনেকক্ষণ উপভোগ করেছে তারা। ৭১ মিনিটে ক্যামেরুনের স্ট্রাইকার বাইবেকের লক্ষ্যভেদে সমতা ফেরায় ফেডারেশন কাপের রানার্সআপরা। লিগের উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-১ গোলে বিধ্বস্ত করা বিজেএমসি অবশ্য অনেকটাই বিবর্ণ ছিলো শনিবার।
ড্র করায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান চতুর্থ। মাত্র এক পয়েন্ট নিয়ে ব্রাদার্স পড়ে আছে নবম স্থানে।
শক্তিশালী বিজেএমসিকে রুখে দিলেও ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন মোটেও সন্তুষ্ট নন। তিনি বলেন, “স্ট্রাইকারদের দক্ষতার অভাবেই আমরা জিততে পারিনি। এতো সুযোগ নষ্ট করলে জেতা যায় না। খেলোয়াড়রা অবশ্য ভালোই খেলেছে। আশা করি ধীরে-ধীরে আমাদের খেলায় আরো উন্নতি হবে।”
বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, “দলের মধ্যে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে একটু সময় লাগছে। তাই হয়তো এমন ফল হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৭ঘ.
bdnews24