২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে রিয়াল

‘এল ক্লাসিকো’তে কুলিয়ে উঠতে না পারলেও লা লিগায় বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। ধীরে ধীরে চলে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের নাগালের বাইরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 04:27 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘এল ক্লাসিকো’তে কুলিয়ে উঠতে না পারলেও লা লিগায় বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। ধীরে ধীরে চলে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের নাগালের বাইরে। সাত পয়েন্টের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে এরই মধ্যে। শনিবার পিছিয়ে পড়েও রিয়াল জারাগোজার বিপক্ষে সহজেই ৩-০ গোলে জিতেছে হোসে মরিনহোর দল। আর বার্সেলোনা গোলশূন্য ড্র করে ভিয়ারিয়ালের সঙ্গে। এই ড্র’র ফলে বার্সার টানা চারবারের শিরোপা জয়ের পথ অত্যন্ত কঠিন হয়ে পড়লো। আক্ষরিক অর্থেই ভিয়ারিয়ালের বিপক্ষে দলটি তাদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি। ক্যাম্প এল মাদ্রিগালে খেলার শেষের দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। আক্রমণভাগের শক্তি বাড়ানোর জন্য কাঁধে চোট থাকার পরও আলেক্সিস সানচেজকে মাঠে নামান পেপ গার্দিওলা। কিন্তু স্বাগতিক দলের গোলরক্ষক দিয়েগো লোপেজ দাঁড়িয়ে ছিলেন দেয়ালের মতো। রেফারির শেষ বাঁশি বাজার দুই-তিন মিনিট আগে লোপেজকে একা পেয়েও গোল করতে পারেননি লিওনেল মেসি। আর অন্তিম মুহূর্তে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সেস ফ্যাব্রেগাস। ফিরতি বলে শট নেন তিনি। কিন্তু বল চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। খেলা শেষে টানা তিনবারের বর্ষসেরা খেলোয়াড় মেসি বলেন, “লিগ এখনো শেষ হয় যায়নি। এখনো বিস্তর পথ পড়ে আছে সামনে।” “তবে আজ (শনিবার) রাতে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। অবশ্য আমরাও আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারিনি,” যোগ করেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার ১১ মিনিটে আকস্মিকভাবে জারাগোজাকে এগিয়ে নেন অ্যাঞ্জেল লাফিতা। কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে প্রথম জয়ের আশা মিলিয়ে যেতে সময় লাগেনি দলটির। ব্রাজিলের কাকা খেলায় সমতা ফেরান ৩২ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতে লিগে ২৪ তম গোল করে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৫৬ মিনিটে রিয়ালকে জারাগোজার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান মেসুত ওজিল। দিনের অন্য দুই খেলায় এসপানিওল ১-০ গোলে মালোর্কাকে ও অ্যাথলেটিক বিলবাও ৩-২ গোলে রায়ো ভালেকানোকে হারায়। রিয়াল ২০ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। দ্বিতীয় বার্সার পয়েন্ট ৪৫। আর ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। রোববার দলটি অতিথি হয়ে খেলতে যাবে রেসিং সান্তান্দারের মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১৯ ঘ.