২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

দারুণ উপভোগ্য এক লড়াইয়ে রজার ফেদেরারকে ৬-৭, ৬-২, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম সেমিফাইনালের স্থায়িত্ব ছিলো ৩ ঘন্টা ৪২ মিনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারুণ উপভোগ্য এক লড়াইয়ে রজার ফেদেরারকে ৬-৭, ৬-২, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম সেমিফাইনালের স্থায়িত্ব ছিলো ৩ ঘন্টা ৪২ মিনিট। আগামী রোববার ফাইনালে নাদালের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ অথবা অ্যান্ডি মারে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মারের মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হলেন টেনিসের দুই মহাতারকা। টেনিস-বিশ্বকে চমকে দিয়ে ঐ ম্যাচে ১৯ বছর বয়সী নাদাল হারিয়ে দিয়েছিলেন সে সময় র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা ফেদেরারকে। ওই ম্যাচের পর আরো আটবার গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হন নাদাল-ফেদেরার। এই লড়াইয়ে জয়ের পাল্লা নাদালের দিকেই ভারী। ছয়টি জয়ের বিপরীতে দুটোতে হার মেনেছেন তিনি। দুই সপ্তাহ আগে ডান হাঁটুতে পাওয়া চোট নাদালের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছিলো। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী ফেদেরারকে হারিয়ে তিনি এখন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে । আবার ফাইনালে উঠে টুর্নামেন্টের ২০০৯ সালের চ্যাম্পিয়ন দারুণ খুশি। নাদাল বলেন, “দুই সপ্তাহ আগেও ফাইনালে ওঠার কথা আমি কল্পনাও করতে পারিনি। আবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা আমার কাছে স্বপ্নের মতোই ছিলো।” রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার বলেন, “ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নাদাল ভালো খেলেছেন। আমি ভীষণ হতাশ। তবে এই মৌসুম মাত্রই শুরু হলো। আমি ভালো বোধ করছি। হারটা মেনে নিতেও তাই আপত্তি নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫১ঘ.