ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাদামেল ফালকাও’র হ্যাট্রিকের ওপর ভর করে লা লিগায় শনিবার আতলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
সান সেবাস্তিয়ানে একপেশে খেলার তিন মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কলম্বিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ফালকাও। তিনি তার দ্বিতীয় গোলটি করেন ৮৩ মিনিটে। আর হ্যাট্রিক আদায় করে নেন যোগ করা সময়ের প্রথম মিনিটে। দলের পক্ষে অপর গোলটি আসে মাঝমাঠের খেলোয়াড় আদ্রিয়ানের পা থেকে।
এই জয়ের ফলে আতলেটিকো ১৯ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে উঠে এলো তালিকার সপ্তম স্থানে। ষষ্ঠ দল অ্যাথলেটিক বিলবাও’র চেয়ে পিছিয়ে আছে কেবল গোল ব্যবধানে।
বিলবাও রোববার অতিথি হয়ে খেলতে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। ন্যু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে কিংস কাপের ফিরতি খেলার আগে এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ (৪৬ পয়েন্ট)।
লিগে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও বুধবারের ফিরতি খেলায় বার্সেলোনা রিয়ালের বিপক্ষে মাঠে নামবে ২-১ গোলে এগিয়ে থেকে। এর আগে রোববার দলটি খেলবে মালাগার সঙ্গে।
দিনের অন্য খেলায় গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে এসপানিওল ২৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তালিকার পঞ্চম স্থানে। গোল তিনটি করেন রাউল বায়েনা, হোয়ান ভার্দু ও রুই ফন্তে। ভার্দু তার গোলটি করেন পেনাল্টি থেকে।
আরেকটি খেলায় পিছিয়ে পড়েও গেতাফে ২-১ গোলে হারিয়েছে রেসিং সান্তান্দারকে। এছাড়া সেভিয়া ও রিয়াল বেটিসের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১১ ঘ.
bdnews24